ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

স্টাফ রিপোর্টার

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৭ হাজার টাকা। এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

গতকাল মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয়জন সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। আর বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়।

বিষয়টি রাত সোয়া দুইটার দিকে নিশ্চিত করেন মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

বোর্ডের সিদ্ধান্ত নিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও রাত ২টা ২০ মিনিট পর্যন্ত করেননি।

জানা যায়, ন্যূনতম বা গ্রেড ৪–এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩–এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২–এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১–এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।

মজুরি বোর্ডের চতুর্থ সভা গতকাল রাত দেড়টার দিকে শেষ হয়। তারপর বিষয়টি নিশ্চিত করে জানান মজুরি বোর্ডের একাধিক সদস্য। শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে গতকাল বেলা সোয়া তিনটায় চতুর্থ দিনের সভা শুরু হয়। সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব অংশ নেন। এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নিয়েছেন।

জানা যায়, সভায় দর–কষাকষিতে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা থেকে চার দফায় বৃদ্ধি করে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার থেকে চার দফায় কমিয়ে ১৯ হাজার টাকা প্রস্তাব করে। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাবে অনড় থাকলে শ্রমিকেরা ১৮ হাজার ৫০০ টাকা দাবি করে আবার সংশোধিত প্রস্তাব দেয়। মালিকপক্ষ তাদের প্রস্তাবে স্থির থাকলে শ্রমিকপক্ষ ১৮ হাজার দাবি করে। শেষ পর্যন্ত মালিক ও শ্রমিকপক্ষ নিজেদের প্রস্তাবে অনড় থাকলে বোর্ড চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। রাত একটার পর এই ভোট হয়।

গত সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ প্রথম তাদের মজুরি প্রস্তাব জমা দেয়। শুরুতে তারা ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেছিল। পরে শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবে ২৫ হাজার টাকা দাবি করে। তখন মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ টাকা দিতে রাজি হয়। পরে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা থেকে কমিয়ে ২২ হাজার টাকা দাবি করে আবার সংশোধিত প্রস্তাব জমা দেয়। সব শেষে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করে। এতে শ্রমিকপক্ষ সন্তুষ্ট হয়নি। ওই দিন রাত সাড়ে আটটায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ৯ নভেম্বর বোর্ডের দিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দিয়েছিল।

গতকাল এক ঘণ্টার বেশি সময় বৈঠক করার পর বিকেল পৌনে পাঁচটায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আলোচনায় আমি কখনো মালিকপক্ষ আবার কখনো শ্রমিকপক্ষের সঙ্গে আলাদা করে কথা বলেছি। এমনও হয়েছে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যেও আলাদা কথা বলার সুযোগ করে দিয়েছি।’

আগের দিনের সভার মতো গতকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। তাঁদের কেউ ৩০ হাজার, আবার কেউ ৩২ হাজার টাকা মজুরি দাবি করে স্লোগান দেন।

এদিকে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, মজুরি বোর্ডের সব পক্ষের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারিত হবে; যার মাধ্যমে শ্রমিকের জীবনযাত্রার ন্যূনতম চাহিদার পাশাপাশি শিল্পের সক্ষমতাও রক্ষা হবে।

গতকাল রাতে সভা শেষ হওয়ার আগে জানতে চাইলে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনবলেন, ‘আমরা প্রত্যাশা করি, মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জন্য ন্যায্য, যৌক্তিক ও তাঁদের জীবনযাত্রার প্রয়োজনের সঙ্গে সংগতিপূর্ণ একটি মজুরি নির্ধারিত হবে। মূল্যস্ফীতি, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, অন্যান্য খাতের মজুরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামো—সবকিছু বিবেচনায় নিয়েই একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করা হবে।’

মাহদী আমিন আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের বৃহত্তম রপ্তানি খাতের সুরক্ষা, শিল্পের স্থিতিশীলতা এবং শ্রমিক-মালিকের সুসম্পর্ক নিশ্চিত করা জরুরি। সব পক্ষের মতামত ও বাস্তবতা বিবেচনায় নিয়ে এমন একটি মজুরিকাঠামো নির্ধারিত হোক, যা শ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণ করবে, শিল্পের সক্ষমতা বজায় রাখবে এবং দীর্ঘ মেয়াদে কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধিকে সুরক্ষা দেবে।

শ্রমিক বিক্ষোভ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে গতকালও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে গতকাল গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।

গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে সকাল থেকে মৌচাক ও তেলিরচালা এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এসব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর পৌনে ১২টার দিকে ভোগরা বাইপাস ও চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের এক পর্যায়ে গাজীপুরা এলাকায় মহাসড়কের মধ্যে থাকা পুলিশ বক্স ভাঙচুর করেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ বক্সের মালামাল ও আশপাশ থেকে লাকড়ি এনে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকেরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ জানায়, গতকাল সাভার-আশুলিয়ার কিছু স্থানে চলমান কারখানাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়। এ সময় ইটপাটকেল ছুড়ে কারখানা ফটক ভাঙচুর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাপে ধাপে বল প্রয়োগ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

গতকাল সন্ধ্যায় আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার উপজেলার আশুলিয়ার বিভিন্ন স্থানে দিনের বিভিন্ন সময়ে ২৪টি কারখানা ছুটি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। সাতটি কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। এ ছাড়া চলমান আন্দোলনের মধ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ২০টি কারখানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *