ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
নিজেদের শিল্পখাতে অতিরিক্ত ভর্তুকি দিয়ে উৎপাদন বাড়ানো এবং মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ভারত, চীনসহ কয়েক ডজন দেশের ওপর শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কয়েক মাস ধরে তদন্ত চালানোর পর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এ সপ্তাহেই চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আরও ১৪টি দেশের শিল্প খাতে ভর্তুকি দেওয়ার বিষয়ে কয়েক মাসের তদন্তের ফল প্রকাশ করতে পারেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঘোষণার সময় পরিবর্তন হতে পারে।
গ্রিয়ারের অভিযোগ, এসব দেশের সরকার নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো কম দামে বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে ছাড়ছে। এতে মার্কিন উৎপাদকরা প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নতুন শুল্কের আওতায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যদেশের রপ্তানি পণ্য আসতে পারে। বেশির ভাগ পণ্যের ওপরই নতুন শুল্ক কার্যকর হতে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু শিল্পপণ্য এর বাইরে থাকতে পারে। কারণ, জাতীয় নিরাপত্তার বিষয় উল্লেখ করে এসব পণ্যের ওপর আগে থেকেই আলাদা শুল্ক রয়েছে।
নতুন শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধরনের শুল্ক ঘোষণা করেছিলেন, নতুন শুল্কের হারও তার কাছাকাছি হতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের প্রথম দফার শুল্ক বাতিল করে দেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা দেশগুলোর শুল্কের হার চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপর ১৫ শতাংশ বা এর কম শুল্ক আরোপ হতে পারে। অন্যদিকে, ভিয়েতনাম ও ভারতের মতো দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার আরও বেশি হতে পারে। এ ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে দেশগুলোর বাণিজ্য চুক্তির শর্ত বিবেচনায় নেওয়া হবে।
চীনের ওপর অন্য অনেক দেশের তুলনায় বেশি শুল্ক আরোপের আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র প্রশাসনের মতে, চীনের শিল্প খাতে ভর্তুকির পরিমাণ অনেক বেশি এবং তা বিশ্ববাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলছে।
এ ছাড়া কোনো দেশের শিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা আরও বাড়লে বা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় নীতিগত পরিবর্তন আনতে ব্যর্থ হলে শুল্ক আরও বাড়ানোর সুযোগ রাখা হতে পারে।
নতুন শুল্কের পাশাপাশি জুলাইয়ে ঘোষিত আরেক দফা শুল্কও কার্যকর হতে পারে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি বন্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ওই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে ৬০টি দেশের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছে ডব্লিউএসজে।
এদিকে, চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ পাচারের অভিযোগ ঘিরে ট্রাম্প প্রশাসনের চীননীতি নিয়ে প্রশ্ন উঠেছে। চিপ পাচারের অভিযোগ সম্পর্কে মার্কিন সরকার কী জানত, তা নিয়েও দুই প্রধান দলের আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।
ডব্লিউএসজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শুল্ক ঘোষণার সময়টি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক থেকে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে পারে। চীনে কোম্পানিটির চিপ পাচারের অভিযোগ সম্পর্কে মার্কিন সরকার আগে কী জানত, তা নিয়েই এই বিতর্ক।
সূত্র: দ্য ইকোনমিকট টাইমস
