রোজার আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক কমালো এনবিআর

স্টাফ রিপোর্টার

আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে এনবিআর জানায়, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমেছে।

এছাড়া আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে আপেল ও কমলায় মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে।

প্রজ্ঞাপনে আপেল ও কমলার ক্ষেত্রে নতুন হার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা বলা হয়েছে। এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে এবং বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

ঢাকার বাজারে বিভিন্ন মানের প্রতিকেজি খেজুর ২০০- ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে আপেল প্রতিকেজি ৩০০-৫০০ টাকা প্রতিকেজি ও কমলা ৪০০–৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *