বাংলাদেশে দীর্ঘমেয়াদি কার্যক্রমের অঙ্গীকার টয়োটার
বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় টয়োটা বাংলাদেশ লিমিটেড। যেখানে নতুন কর্মসংস্থান তৈরি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।
এ বিষয়ে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং দেশের অটোমোবাইল শিল্পের বিকাশে অবদান রাখার বিষয়েও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
টয়োটা টুসো করপোরেশন ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেন।
প্রতিনিধিদলে ছিলেন টয়োটা টুসো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি ও মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা টুসো এশিয়া প্যাসিফিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রেমিত সিং। সাক্ষাতে বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনাকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে সরকার। একই সঙ্গে টয়োটার ভবিষ্যৎ বিনিয়োগ ও উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের প্রস্তুতির কথাও জানানো হয়েছে।
দেশের অটোমোবাইল শিল্পের সম্ভাবনাকে এগিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় টয়োটা, যা এই খাতের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
