সংকটে আর্থিক খাত, লোকসান দেড় হাজার কোটি টাকা
দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা লিজিং খাতের সংকট দিন দিন গভীর হচ্ছে। একদিকে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বড় অংশ লোকসানে, অন্যদিকে অনেক কোম্পানির নিট সম্পদমূল্য ঋণাত্মক হয়ে পড়েছে। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতাও হারিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।
পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত ফেরত দিতে সরকারের কাছে হাজার কোটি টাকার বেশি অনুদান চেয়েছে বাংলাদেশ ব্যাংক। সবমিলিয়ে নয়টি আর্থিক প্রতিষ্ঠানের আমানত পরিশোধে সম্ভাব্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ দাঁড়াতে পারে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা।
এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩টি লিজিং কোম্পানির মধ্যে ১৩টিই লোকসানের মধ্যে পতিত হয়েছে। সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোর লোকসান দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। বিপরীতে মুনাফা করেছে সাতটি। বাকি তিনটি প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
এ পরিস্থিতিতে লিজিং খাতের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, তিন-চারটি প্রতিষ্ঠান ছাড়া অন্য লিজিং কোম্পানিগুলোর টিকে থাকার সম্ভাবনা নেই। অতিরিক্ত প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া, যথাযথ তদারকির অভাব, প্রতারণা এবং ঋণ আদায় করতে না পারার কারণে এ খাতের এমন অবস্থা হয়েছে। বেশিরভাগ লিজিং কোম্পানির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে সেগুলো পুনরুদ্ধারের সম্ভাবনা কম। এসব প্রতিষ্ঠান তালিকাচ্যুত করা উচিত। তবে এ ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, লংকাবাংলা ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও উত্তরা ফাইন্যান্স নিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। এই তিনটি প্রতিষ্ঠান অনেকদিন ধরেই আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। অন্য ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি লোকসানের মধ্যে রয়েছে। ১৪টির সম্পদ মূল্য ঋণাত্মক হয়ে পড়েছে। ১১টির অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক অবস্থায় রয়েছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো নগদ অর্থের সংকটে রয়েছে।
তিন সূচকেই খারাপ অবস্থানে রয়েছে ৯টি প্রতিষ্ঠান। এগুলো লোকসানের পাশাপাশি নগদ টাকার সংকটে ভূগছে, সেই সঙ্গে সম্পদ মূল্য ঋণাত্মক হয়ে পড়েছে। সার্বিকভাবে সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ১৩টি লিজিং কোম্পানি সম্মিলিতভাবে লোকসান করেছে ১ হাজার ৪৪৪ কোটি টাকা। আর ৭টি প্রতিষ্ঠানের মুনাফা হয়েছে ৩৫৩ কোটি টাকা।
বেশি লোকসান পিপলস লিজিংয়ের
লোকসানের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে পিপলস লিজিং। প্রতিষ্ঠানটির চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ২১ পয়সা। প্রতিষ্ঠানটির মোট শেয়ারসংখ্যা ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭টি। এ হিসাবে নয় মাসে মোট লোকসান দাঁড়িয়েছে ২৯১ কোটি ৪৩ লাখ টাকা।
এর পরেই রয়েছে ফিনিক্স ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান ১১ টাকা ৩ পয়সা। মোট শেয়ারসংখ্যা ১৬ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার ১৯৫টি। এ হিসাবে নয় মাসে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ১৮২ কোটি ৯৬ লাখ টাকা।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে অর্থাৎ তিন মাসে আইসিবির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯ পয়সা। এতে প্রতিষ্ঠানটির মোট লোকসান দাঁড়িয়েছে প্রায় ১৮১ কোটি ২৬ লাখ টাকা। শেয়ারপ্রতি ১০ টাকা ৩৪ পয়সা লোকসান করার ফলে ফাস ফাইন্যান্সের মোট লোকসান হয়েছে ১৫৪ কোটি ১৫ লাখ টাকা।
লোকসানে নিমজ্জিত হওয়া আরেক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং শেয়ারপ্রতি ৬ টাকা ৭১ পয়সা লোকসান করেছে। এতে চলতি বছরের নয় মাসে প্রতিষ্ঠানটির মোট লোকসান হয়েছে ১৪৮ কোটি ৮৩ লাখ টাকা। শেয়ারপ্রতি ৭ টাকা ৫৪ পয়সা হিসাবে জিএসপি ফাইন্যান্স ১১৮ কোটি ৪৩ লাখ টাকা লোকসান করেছে। মাইডাস ফাইন্যান্সের লোকসান হয়েছে ৯০ কোটি ২২ লাখ টাকা। প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি ৬ টাকা ২৭ পয়সা লোকসান করেছে।
নয় মাসের ব্যবসায় শেয়ারপ্রতি ৪ টাকা ৭১ পয়সা হিসাবে প্রিমিয়ার লিজিংয়ের মোট লোকসান হয়েছে ৬২ কোটি ৬৩ লাখ টাকা। ফারইস্ট ফাইন্যান্সের লোকসান হয়েছে ৬১ কোটি ৫২ লাখ টাকা, প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি ৩ টাকা ৭৫ পয়সা লোকসান করেছে। শেয়ারপ্রতি ৪ টাকা ৯৫ পয়সা হিসাবে বিআইএফসির লোকসান হয়েছে ৪৯ কোটি ৮৪ লাখ টাকা।
এছাড়া ফার্স্ট ফাইন্যান্স নয় মাসের ব্যবসায় শেয়ারপ্রতি ৩ টাকা ৬৭ পয়সা হিসাবে মোট লোকসান করেছে ৪৩ কোটি ৫১ লাখ টাকা। ইসলামী ফাইন্যান্স লোকসান করেছে ৩৬ কোটি ৬৩ লাখ টাকা, প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬১ পয়সা। আর বে-লিজিং ছয় মাসের (জানুয়ারি-জুন) ব্যবসায় শেয়ারপ্রতি ১ টাকা ৫৯ পয়সা হিসাবে মোট লোকসান করেছে ২২ কোটি ৪০ লাখ টাকা।
মুনাফায় এগিয়ে আইডিএলসি ও ডিবিএইচ
অধিকাংশ প্রতিষ্ঠান লোকসানে থাকলেও কয়েকটি প্রতিষ্ঠানের মুনাফার চিত্র তুলনামূলক ভালো। এর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে আইডিএলসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫১ পয়সা। আর মোট মুনাফা হয়েছে ২০৬ কোটি ৭০ লাখ টাকা। ডিবিএইচ ফাইন্যান্সের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। ফলে মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৮০ কোটি ৭৪ লাখ টাকা।
মুনাফায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮২ পয়সা। ফলে মোট মুনাফা দাঁড়িয়েছে ৩৫ কোটি ২৩ লাখ টাকা। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স শেয়ারপ্রতি ৯৪ পয়সা হিসাবে ১২ কোটি ১০ লাখ টাকা, বিডি ফাইন্যান্স শেয়ারপ্রতি ৬০ পয়সা হিসাবে ১১ কোটি ২৯ লাখ টাকা, ইউনাইটেড ফাইন্যান্স শেয়ারপ্রতি ৩৫ পয়সা হিসাবে ৬ কোটি ৫৫ লাখ টাকা এবং ইউনিয়ন ক্যাপিটাল শেয়ারপ্রতি ১ পযসা হিসাবে ১৭ লাখ টাকা মুনাফা করেছে।
৯ প্রতিষ্ঠানের নিট সম্পদমূল্য ঋণাত্মক
লিজিং কোম্পানিগুলোর আর্থিক অবস্থার আরেকটি উদ্বেগজনক দিক হলো নিট সম্পদমূল্য বা নেট অ্যাসেট ভ্যালু (এনএভি)। চলতি বছরের সেপ্টেম্বর শেষে নয়টির শেয়ারপ্রতি এনএভি ঋণাত্মক অবস্থায় রয়েছে। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের দায় তাদের সম্পদের তুলনায় বেশি।সেপ্টেম্বর শেষে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ঋণাত্মক ২১৯ টাকা ৩ পয়সা। এছাড়া পিপলস লিজিংয়ের ১৬৪ টাকা ৮৩ পয়সা, এফএএস ফাইন্যান্সের ১৫৮ টাকা ৩৯ পয়সা, বিআইএফসির ১৩৮ টাকা ৫৩ পয়সা, ফিনিক্স ফাইন্যান্সের ১১৩ টাকা ৪৯ পয়সা, প্রিমিয়ার লিজিংয়ের ১০১ টাকা ৬ পয়সা, ইউনিয়ন ক্যাপিটালের ৬৫ টাকা ৪৭ পয়সা, ফারইস্ট ফাইন্যান্সের ৫৪ টাকা ২৩ পয়সা এবং ফার্স্ট ফাইন্যান্সের ৪৯ টাকা ৬৮ পয়সা শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদমূল্য দাঁড়িয়েছে।
বিপরীতে ডিবিএইচ, আইডিএলসি, আইপিডিসি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্সের মতো কয়েকটি প্রতিষ্ঠানের এনএভি ইতিবাচক রয়েছে।
নগদ প্রবাহেও দুর্বলতা
অধিকাংশ প্রতিষ্ঠান লোকসানে পতিত হওয়ার পাশাপাশি লিজিং খাতের প্রায় অর্ধেক প্রতিষ্ঠানের পরিচালন নগদ প্রবাহেও দুর্বলতা দেখা যাচ্ছে। পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক হলে দৈনন্দিন ব্যবসা থেকে নগদ অর্থ আসার পরিবর্তে অর্থ বেরিয়ে যাওয়ার চিত্র ফুটে ওঠে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিআইএফসি’র শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ আগের ইতিবাচক ৫ পয়সা থেকে কমে ঋণাত্মক ১০ পয়সা হয়েছে। ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ৫ টাকা ৬৮ পয়সা, যেখানে আগের বছর তা ইতিবাচক ৮১ পয়সা ছিল। মাইডাস ফাইন্যান্সের ক্ষেত্রেও শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ইতিবাচক ৩ টাকা ৩৮ পয়সা থেকে নেমে ঋণাত্মক ২ টাকা ৬৩ পয়সা হয়েছে। ফারইস্ট ফাইন্যান্সের ইতিবাচক ৩ পয়সা থেকে ঋণাত্মক ১৮ পয়সা হয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩টি লিজিং কোম্পানির মধ্যে ১৩টিই লোকসানের মধ্যে পতিত হয়েছে
এছাড়া বে-লিজিংয়ের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ১ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে ঋণাত্মক ১ টাকা ৯৬ পয়সা, ডিবিএই’র ঋণাত্মক ১৭ টাকা ৩৬ পয়সা থেকে ঋণাত্মক ৪ টাকা ৫১ পয়সা, এফএএস ফাইন্যান্সের ঋণাত্মক ৭৩ পয়সা থেকে ৮৯ পয়সা, ফার্স্ট ফাইন্যান্সের ঋণাত্মক ৫৮ পয়সা থেকে ঋণাত্মক শূন্য শূন্য ৪ পয়সা, আইসিবি’র ঋণাত্মক ২ টাকা ২৭ পয়সা থেকে ঋণাত্মক ৫৫ পয়সা এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ঋণাত্মক ৪ টাকা ১৫ পয়সা থেকে ঋণাত্মক ২ টাকা ২৭ পয়সা হয়েছে।
তবে সব প্রতিষ্ঠানের নগদ প্রবাহ একই রকম নয়। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ৯ টাকা ১৯ পয়সা থেকে বেড়ে ৩৩ টাকা ৪৯ পয়সা হয়েছে। আইপিডিসির ক্ষেত্রে তা ৬ টাকা ৯৯ পয়সা থেকে বেড়ে ১১ টাকা ৩৮ পয়সা হয়েছে। আইডিএলসির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ৩০ টাকা ৯ পয়সা থেকে কমে ১০ টাকা ৩ পয়সা হয়েছে। জিএসপি ফাইন্যান্সের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৬ পয়সা থেকে উন্নতি করে ইতিবাচক ১০ পয়সা হয়েছে। একইভাবে পিপলসি লিজিংয়ের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ২৬ পয়সা থেকে ইতিবাচক ২২ পয়সা হয়েছে।
তিন-চারটি ছাড়া বাকিগুলো চলবে না
লিজিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘শেয়ারবাজারের বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন। যারা লিজিং কোম্পানিগুলোকে টাকা দিয়েছেন বা আমানত রেখেছেন, তারাও টাকা ফেরত পাননি। এতে সামগ্রিক অর্থনীতির ক্ষতি হচ্ছে। তিন-চারটি লিজিং কোম্পানি ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারবে না। এগুলো একসময় বন্ধ হয়ে যাবে।’
তিনি বলেন, ‘দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি লিজিং কোম্পানির লাইসেন্স দেওয়া হয়েছিল। এসব প্রতিষ্ঠান যথাযথভাবে তদারক করা হয়নি। দেশের অর্থনীতি এতগুলো লিজিং কোম্পানির ভার বহন করার মতো সক্ষম ছিল না। কিছু প্রতিষ্ঠানের উদ্যোক্তা মানুষের টাকা নিয়ে প্রতারণা করেছেন। আবার কিছু প্রতিষ্ঠান ঋণ বিতরণ করলেও সেই ঋণ আদায় করতে পারেনি, শেষ পর্যন্ত নিজেরাই সংকটে পড়েছে।’
আইসিবি লোকসানে পতিত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে আবু আহমেদ বলেন, ‘আইসিবিও বিভিন্ন সময় ১০ থেকে ১২ শতাংশ সুদে ঋণ নিয়ে লিজিং কোম্পানি ও বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছে। কিন্তু যাদের ঋণ দেওয়া হয়েছিল, তারা টাকা ফেরত দিতে পারেনি। ফলে আইসিবিও সেই অর্থ আদায় করতে পারেনি এবং ক্ষতির মুখে পড়েছে।’
তিনি বলেন, ‘আর্থিক খাতের বিভিন্ন অংশে অনিয়ম ও লুটপাট হয়েছে। লিজিং কোম্পানি, আইসিবি, শেয়ারবাজার ও ব্যাংক-কোনো খাতই এর বাইরে ছিল না। সব প্রতিষ্ঠানকে উদ্ধার করা সম্ভব নয়। কিছু প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যেতে পারে, আর যারা বিনিয়োগ করেছেন তাদের কেউ কেউ ক্ষতির মুখে পড়বেন। কয়েকটি প্রতিষ্ঠান পুনর্গঠনের চেষ্টা করা সম্ভব হলেও লিজিং খাতের অধিকাংশ প্রতিষ্ঠানকে আবার সচল করা কঠিন।’
বাজার অর্থনীতিতে এ ধরনের ব্যর্থতা অস্বাভাবিক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশেও ব্যাংক ও বিনিয়োগ ব্যাংক বন্ধ হয়েছে। সব প্রতিষ্ঠানকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখার চেষ্টা বাস্তবসম্মত নয়।’
অধিকাংশ প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম
ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক রিচার্ড ডি রোজারিও বলেন, অধিকাংশ লিজিং কোম্পানির আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। এসব প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। তালিকাভুক্ত লিজিং কোম্পানির অর্ধেকের বেশি লোকসানে থাকায় পুরো শেয়ারবাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এ ধরনের প্রতিষ্ঠানকে শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত করা উচিত। তবে এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, যথাযথ তদারকির অভাবেই এসব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এত খারাপ হয়েছে। ব্যাংকের তুলনায় অনেক বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করেছিল কিছু প্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্য ছিল। এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোকে কোনোভাবেই পুনরুজ্জীবিত করা সম্ভব নয়।
সরকারের কাছে দেড় হাজার কোটি টাকার আবদার
এদিকে দীর্ঘদিন ধরে সংকটে থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ আমানতকারী, সমবায় তহবিল, প্রভিডেন্ট ফান্ড ও বিভিন্ন ট্রাস্ট ফান্ডের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা অনুদান চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের আমানতকারীদের ঋণের সঙ্গে আমানত সমন্বয়ের পর অবশিষ্ট মূলধন ফেরত দিতে এ অর্থ প্রয়োজন হবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক ড. সৈয়দ নজরুল ইসলাম অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছেন। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫-এর ১৫ ধারা অনুযায়ী, দীর্ঘদিন ধরে সংকটাপন্ন এবং কার্যকর হওয়ার সম্ভাবনা হারানো আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম পর্যায়ে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স কোম্পানি, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে এ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। এর মধ্যে আভিভা ফাইন্যান্স ছাড়া বাকি তিনটি শেয়ারবাজারে তালিকাভুক্ত।
এসব প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ একটি আমানত পরিশোধ কাঠামো অনুমোদন করেছে। পরিকল্পনা অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের শতভাগ ফেরত দেওয়া হবে। আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে ফেরতের হার কমবে। তবে কোনো আমানতকারীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঋণ থাকলে তা সমন্বয় করে অবশিষ্ট মূল আমানত ফেরত দেওয়া হবে।
চার প্রতিষ্ঠানের আমানত ফেরাতে ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা প্রয়োজন হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্কলন। এ অর্থ বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রিস্ট্রাকচারিং ফান্ডে জমা দেওয়ার জন্য সরকারি বরাদ্দ চাওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, অর্থ বরাদ্দ হলে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা আমানতকারীদের দুর্দশা কমবে এবং আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা ফেরানোর পথ তৈরি হবে।
এই চার প্রতিষ্ঠানের বাইরে আরও পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরাতে ভবিষ্যতে ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকা চাওয়া হবে। এর মধ্যে পিপলস লিজিংয়ের আমানত পরিশোধে প্রয়োজন হতে পারে ৭১১ কোটি ৮৮ লাখ টাকা। বাকি চার প্রতিষ্ঠানের আমানত ফেরাতে প্রাক্কলিত প্রয়োজনীয় অর্থ ৫৪৫ কোটি ১৫ লাখ টাকা। সব মিলিয়ে নয়টি প্রতিষ্ঠানের আমানত ফেরাতে সম্ভাব্য প্রয়োজনীয় অর্থ দাঁড়িয়েছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা।
পিপলস লিজিংয়ের অবসায়নসংক্রান্ত মামলা চলমান থাকায় প্রতিষ্ঠানটিকে এখনো রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা সম্ভব হয়নি। আদালতের অনুকূল রায় পাওয়ার পর এ প্রতিষ্ঠানের আমানত ফেরাতে সরকারের কাছে আলাদাভাবে অর্থ চাওয়া হবে। এদিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিএসপি ফাইন্যান্স কোম্পানি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সকে কার্যকর অবস্থায় ফেরাতে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ের মধ্যে জরুরি সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার শর্ত দেওয়া হয়েছে।
