মেকানিক্যাল জুম রিংসহ উন্মোচন হলো শাওমি ১৭ আলট্রা

স্টাফ রিপোর্টার

বড়দিনে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি নতুন ফ্ল্যাগশিপ ফোন শাওমি ১৭ আলট্রা উন্মোচন করেছে। এ স্মার্টফোনটি বিশেষ আলোচনায় এসেছে ক্যামেরা ফিচারের জন্য। খবর গিজচায়না।

সবচেয়ে নজরকাড়া ফিচার হলো লাইকা এডিশনে থাকা মেকানিক্যাল জুম রিং। ফোনের পাশে থাকা এই রিং ঘুরিয়ে ব্যবহারকারীরা ফোকাল লেন্থ বা এক্সপোজার ঠিক করতে পারবেন। এতে ব্যবহারকারীদের সফটওয়্যারের ওপর পুরোপুরি নির্ভর করতে হবে না।

ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স, যা ৭৫-১০০ মিমি পর্যন্ত ধারাবাহিক অপটিক্যাল জুম দিতে সক্ষম। এছাড়া ১ ইঞ্চি লাইট ফিউশন ১০৫০এল মেইন সেন্সর থাকায় কম আলোতেও ভালো ছবি তোলা সম্ভব।

ব্যাটারির স্থায়িত্বের দিক দিয়েও রয়েছে চমক। ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৬ হাজার ৮০০ মিলি অ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, যা এমন পাতলা ফোনে বিরল। ৬ দশমিক ৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকলেও ভারী ব্যবহারেও এটি একবার চার্জে অন্তত দুদিন চলবে। ফোনটি ৯০ ওয়াট তারযুক্ত চার্জিং সমর্থন করে।

ফোনের ভেতরে আছে স্ন্যাপড্রাগন ৮ এলাইট জেন ৫ প্রসেসর এবং এটি চলে শাওমি হাইপারওএস ৩.০ (অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক) সফটওয়্যারে। নতুন ফিচারের মাধ্যমে অ্যাপল ডিভাইস সরাসরি ফোনে মিরর করা সম্ভব।

মূল্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড শাওমি ১৭ আলট্রা ১২জিবি র‍্যাম এবং ৫১২জিবি স্টোরেজ মডেলের দাম শুরু হচ্ছে ৯৯৫ ডলার থেকে। মেকানিক্যাল জুম রিংসহ লাইকা এডিশনের দাম শুরু ১ হাজার ১৪০ ডলার থেকে এবং ১ টিবি মডেল সর্বোচ্চ ১ হাজার ২৮০ ডলারে বিক্রি হবে। চীনের বাজারে বিক্রি শুরু হবে ২৭ ডিসেম্বর থেকে এবং ২০২৬ সালের শুরুতে এটি অন্যান্য দেশের বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *