মক্কার কাছে হুথিদের ড্রোন ধ্বংস করল সৌদি আরব

স্টাফ রিপোর্টার

পবিত্র নগরী মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই হুথিদের একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মক্কার দক্ষিণাঞ্চলে এই ঘটনা ঘটে।

 

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, ইসলামের দুটি পবিত্র স্থান এবং হাজীদের নিরাপত্তা হলো একটি ‘রেড লাইন’। এই সুরক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বজুড়ে মুসলমানদের কাছে পবিত্র বিভিন্ন নিদর্শনের কেন্দ্রস্থল মক্কা হলো ইসলামের পবিত্র নগরী। বার্ষিক হজ পালনের মূল কেন্দ্র এই শহর, যা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। প্রতি বছর কয়েক লাখ মুসলমান হজে অংশ নেন।

 

মালকি এই ঘটনাটিকে মক্কার ওপর হুথিদের দ্বিতীয় হামলাচেষ্টা হিসেবে উল্লেখ করেন। এর আগে ২০১৭ সালের জুলাইয়েও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে দাবি করেছিল জোটটি।

 

গত এক সপ্তাহ ধরে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের ধারাবাহিক হামলার জেরে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সৌদি আরব আরও গভীরভাবে জড়িয়ে পড়েছে। চলমান এই উত্তেজনার জেরে মঙ্গলবার মক্কাসহ দেশের বিভিন্ন স্থানে উচ্চ সতর্কতা জারি করে সৌদি আরব কর্তৃপক্ষ।

এদিকে মঙ্গলবার হুথি পরিচালিত সাবা বার্তা সংস্থার খবরে এক সামরিক সূত্রে দাবি করা হয়, মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানের প্রতি কোনো ধরনের হুমকি তৈরি করেনি তাদের গোষ্ঠী।

 

সম্প্রতি লোহিত সাগরের ইয়েমেন উপকূলের কিছু অংশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে হুথিরা। এতে করে হরমুজ প্রণালি থেকে ঘুরিয়ে নেওয়া সৌদি তেল রপ্তানির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি হুমকির মুখে পড়েছে।

 

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলার প্রতিশোধ হিসেবে সোমবার সৌদি আরবের একটি বিমানঘাঁটিসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল হামলার ঘোষণা দিয়েছে এই গোষ্ঠী।

তথ্যসূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *