ওয়ালটন করপোরেট অফিসে লিভার সচেতনতা সেমিনার ও স্বাস্থ্য ক্যাম্প
কর্মীদের মধ্যে লিভারের সুস্থতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে রাজধানীতে সচেতনতামূলক সেমিনার ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প আয়োজন করেছে ওয়ালটন। ওয়ালটন ও ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে এবং ওয়ালটনের প্রশাসন বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের প্রায় ২০০ সদস্য অংশ নেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসের ‘অলিম্পাস’ হলরুমে ‘নো ইউর লিভার, প্রোটেক্ট ইউর হেলথ—অ্যাওয়ারনেস সেমিনার ২০২৬’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন প্রতিষ্ঠানের করপোরেট মেডিকেল ইনচার্জসহ অ্যাডমিন ও মেডিকেল টিম।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তাসলিমা জামান। তিনি লিভারের সুস্থতা, ফ্যাটি লিভারের কারণ ও প্রতিরোধ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং কর্মব্যস্ত জীবনে সুস্থতা বজায় রাখার বিভিন্ন উপায় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। পাশাপাশি লিভার সুস্থ রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং হেড অব অ্যাডমিন কুদরত মোল্লা। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারের পাশাপাশি ওয়ালটন পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের ব্যবস্থা করা হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. চৌধুরী তামান্না তাবাসসুম এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. খালেদা আক্তার ভূঁইয়া।
ওয়ালটনের প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় কর্মরত সদস্যদের সুস্বাস্থ্য ও কর্মক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে ওয়ালটন নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
তারা জানান, এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও মেডিকেল টিমের সহযোগিতায় স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার, স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে।
