তামার সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের গতি কমার আশঙ্কায় বিশ্ববাজারে কমেছে তামার দাম। শুক্রবার ধাতুটির দাম কমে গত মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এ নিয়ে চলতি সপ্তাহে তামার দাম কমেছে প্রায় ৮ দশমিক ২ শতাংশ। সপ্তাহ শেষে এ পতন অব্যাহত থাকলে ১৯ মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন হবে এটি। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি তামার দাম গত শুক্রবার ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি টন ১২ হাজার ৩১০ দশমিক ৫০ ডলারে নেমে আসে। লেনদেনের একপর্যায়ে দাম ৪ শতাংশ কমে ১২ হাজার ২০২ ডলারে দাঁড়ায়, যা ২৪ মার্চের পর সর্বনিম্ন।
বাজার বিশ্লেষকদের মতে, এআই খাতে বিনিয়োগের যে জোয়ার তৈরি হয়েছিল, তা কিছুটা স্তিমিত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ কারণে তামার মতো শিল্পধাতুর চাহিদা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ডলারের মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার বাড়ানোর সম্ভাবনাও তামার দামে চাপ তৈরি করছে।
ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, ‘এআই খাতে বিনিয়োগের গতি কমার আরো প্রমাণ পাওয়া যাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডকে আরো কঠোর নীতি নিতে হতে পারে। পাশাপাশি ডলারের শক্তিশালী অবস্থানও তামার দাম কমাচ্ছে।’
এদিকে চীনের বাজারে তামা সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে গত সপ্তাহে তামা মজুদ ৩ হাজার ২০৪ টন বেড়ে ৩০ হাজার ৮৪৬ টনে দাঁড়িয়েছে। তবে এ মজুদ দেশটির একদিনের চাহিদার চেয়েও কম। সম্প্রতি চীনে তামা আমদানির প্রিমিয়াম (অতিরিক্ত সংযোজিত মূল্য) রেকর্ড উচ্চতায় উঠে যায়।
তামার পাশাপাশি অন্যান্য শিল্প ধাতুর দামও কমেছে। স্বল্পমেয়াদে তীব্র সরবরাহ সংকটের মধ্যেও অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ৮৫৮ ডলারে লেনদেন হয়েছে। এছাড়া দস্তা ১ দশমিক ৪ শতাংশ, সিসা দশমিক ৪, নিকেল দশমিক ৬ ও টিনের দাম ১ দশমিক ৮ শতাংশ কমেছে।
