উপজেলা থেকে বাড়ির দরজায়, বদলে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র

স্টাফ রিপোর্টার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা এবং বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

সেই সঙ্গে কমিউনিটি ক্লিনিকের অবকাঠামো, সেবার মান উন্নয়ন ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রচলিত কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর পাশাপাশি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), হৃদরোগের জরুরি চিকিৎসা, ডায়ালাইসিস, ক্যানসার শনাক্তকরণ, মা ও শিশুর চিকিৎসা এবং আধুনিক রোগ নির্ণয়ের ব্যবস্থা করা হবে।

অন্যদিকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে মানুষের কাছাকাছি প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

১৫১ শয্যার উপজেলা হাসপাতাল 

দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে ৩১, ৫০ বা ১০০ শয্যার। জনসংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার চাহিদা বাড়ায় এসব হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, কোনো কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আট থেকে ১০ লাখ মানুষের চিকিৎসার দায়িত্ব পালন করতে হচ্ছে।

প্রস্তাবিত ৪৪ হাজার ৭৫৭ কোটি টাকার প্রকল্পে পর্যায়ক্রমে উপজেলা হাসপাতালগুলোর অবকাঠামো সম্প্রসারণ, নতুন ভবন নির্মাণ, পুরোনো ভবন পুনর্নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় ৪৪৩টি উপজেলায় সমন্বিত বহুতল সেবাভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ১৫টি উপজেলায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন শয্যার হাসপাতালকে পর্যায়ক্রমে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। এর মধ্যে কয়েকটি হাসপাতাল প্রথম পর্যায়ে ৫১, ১০১, ১২০ ও ১৩২ শয্যায় উন্নীত করার প্রস্তাব রয়েছে। পরবর্তী পর্যায়ে সেগুলোকে ১৫১ শয্যায় নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

উন্নীত হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা, আইসিইউ, করোনারি কেয়ার ইউনিট, আধুনিক অস্ত্রোপচারকক্ষ, মা ও নবজাতকের চিকিৎসা, কিডনি ডায়ালাইসিস, চক্ষু চিকিৎসা, ক্যানসার শনাক্তকরণ এবং ফিজিওথেরাপির ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি প্যাথলজিক্যাল পরীক্ষাসহ প্রয়োজনীয় রোগ নির্ণয়ের সুবিধা বাড়ানো হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সম্প্রতি জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে জানান, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। জেলা ও উপজেলা হাসপাতালগুলোর প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অ্যাম্বুলেন্স ও ওষুধের চাহিদাও সংগ্রহ করা হয়েছে।

ইউনিয়ন ও ওয়ার্ডে ১৪ হাজারের বেশি স্বাস্থ্যসেবা হাব 

উপজেলা হাসপাতালের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছে নিয়ে যেতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বড় প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এ প্রকল্পে ১৪ হাজার ৬৩৪টি প্রাথমিক স্বাস্থ্যসেবা হাব এবং ১ হাজার ৬৩১টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে।

এ জন্য ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৯৯৩ কোটি টাকা। প্রকল্পের আওতায় ৫ হাজার ৯৩৬টি হাব পুনর্নির্মাণ, ৮ হাজার ৩৪৮টি সংস্কার বা পুনর্বিন্যাস এবং নতুন করে ৩৫০টি হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ১ হাজার ৬৩১টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে ৪২৮টি পুনর্নির্মাণ, ৬০৫টি সংস্কার এবং ৫৯৮টি নতুন করে নির্মাণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে, প্রকল্পটি এখনো চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে পৌঁছায়নি।

বাড়ি বাড়ি যাবেন দেড় লাখ স্বাস্থ্যকর্মী

সরকারের পরিকল্পনায় প্রাথমিক স্বাস্থ্যসেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়ার ব্যবস্থা। এ জন্য প্রায় ১ লাখ ৪০ হাজার স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, এসব স্বাস্থ্যকর্মী অন্তত দুই মাসে একবার প্রতিটি বাড়িতে যাবেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করবেন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের ঝুঁকি আগেই শনাক্ত করার চেষ্টা করবেন তারা। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবেন।

যেসব রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হবে, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। এতে রোগের জটিলতা তৈরি হওয়ার আগেই চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছে সরকার।

এ পরিকল্পনার অংশ হিসাবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অতিরিক্ত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা বলা হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনাও রয়েছে। এসব নিয়োগ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য নতুন অধিদপ্তর

মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার কাজ সমন্বিত করতে নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত এই অধিদপ্তরের নাম প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর (ডিপিএইচসি)।

এ জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নতুন অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো, জনবল, দায়িত্ব ও কর্মজীবন পরিকল্পনা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত কাঠামোয় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের একই প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনার চিন্তা রয়েছে।

বর্তমানে এসব কর্মী পৃথক অধিদপ্তর ও প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন। ফলে মাঠপর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের মধ্যে সমন্বয়ের ঘাটতি এবং কাজের পুনরাবৃত্তি তৈরি হয় বলে মনে করছে মন্ত্রণালয়। নতুন অধিদপ্তরের মাধ্যমে এ সমস্যা কমিয়ে সমন্বিত সেবা নিশ্চিত করতে চায় সরকার।

তবে নতুন অধিদপ্তর গঠনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সাংগঠনিক কাঠামো ও জনবল ব্যবস্থাপনা নির্ধারণের কাজ চলছে।

পরিকল্পনা অনেক বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য খাত পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে মানুষকে চিকিৎসার জন্য দূরের হাসপাতালে ছুটতে হবে না।

তিনি আরও বলেন, উপজেলা থেকে ইউনিয়ন, এমনকি মানুষের বাড়ির কাছাকাছি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে সবার জন্য সহজলভ্য, মানসম্মত ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। সরকারের লক্ষ্য, প্রতিটি নাগরিক যেন নিজ এলাকায় প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পান এবং জটিল রোগে আক্রান্ত হওয়ার আগেই চিকিৎসার আওতায় আসেন।

তবে সরকারের স্বাস্থ্যসেবার অবকাঠামো ও পরিধি বাড়ানোর এসব উদ্যোগের পাশাপাশি বাস্তবায়ন নিয়ে প্রশ্নও রয়েছে। বিশেষ করে হাসপাতালের শয্যা বাড়ানোর সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য জনবল নিশ্চিত করা যাবে কি না তা গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আধ্যাপক ডা. মোজাম্মেল হক বলেন, বর্তমানে অনেক উপজেলা হাসপাতালে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকট রয়েছে। কোথাও কোথাও চিকিৎসা সরঞ্জাম থাকলেও দক্ষ জনবল ও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো পুরোপুরি ব্যবহার করা যায় না। ফলে নতুন ভবন ও শয্যা নির্মাণের পাশাপাশি জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা না গেলে প্রত্যাশিত সেবা পাওয়া কঠিন হবে।

তিনি বলেন, সরকারের পরিকল্পনায় উপজেলা হাসপাতাল থেকে কমিউনিটি ক্লিনিক এবং মানুষের বাড়ি পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগের সুফল নির্ভর করবে প্রকল্পের অনুমোদন, সময়মতো অর্থ ছাড়, দক্ষ জনবল নিয়োগ এবং মাঠপর্যায়ে সেবার মান নিশ্চিত করার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *