উদ্যোক্তা হতে ঋণ চান সাড়ে ১৮ হাজার তরুণ, আবেদন বেশি নেত্রকোনায়
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের গঠিত ৫০০ কোটি টাকার তহবিল থেকে জামানতবিহীন অর্থায়ন পেতে দেশের আট জেলার সাড়ে ১৮ হাজারের বেশি তরুণ আবেদন করেছেন। পরীক্ষামূলকভাবে নেওয়া এসব আবেদনের মধ্যে সবচেয়ে বেশি জমা পড়েছে নেত্রকোনা জেলা থেকে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ প্রকল্পের আওতায় গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আট জেলায় আবেদন গ্রহণ করা হয়।
জেলাভিত্তিক হিসাবে নেত্রকোনায় ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে এক হাজার ৫৫২টি, ভোলায় এক হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে এক হাজার ৩৪৩টি এবং ফেনীতে এক হাজার ২৬১টি আবেদন জমা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক কার্যক্রমে সাড়া পাওয়ায় এবার দেশের অন্যান্য জেলার তরুণদের কাছ থেকেও আবেদন নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য ৮ জেলার বাইরে অন্যান্য জেলার আগ্রহী তরুণেরা এক থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নিজ নিজ উপজেলার যে কোনো ব্যাংক শাখায় আবেদন করতে পারবেন।
এই কর্মসূচির আওতায় দেশের ৫০৩ উপজেলার ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য গঠিত ৫০০ কোটি টাকার তহবিলে বাংলাদেশ ব্যাংক ও সহযোগী বাণিজ্যিক ব্যাংকগুলো ২৫০ কোটি টাকা করে দেবে।একেকজন উদ্যোক্তাকে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এর একটি অংশ অনুদান হিসেবে এবং অবশিষ্ট অর্থ ৪ থেকে ৭ শতাংশ সুদে ঋণ হিসেবে দেওয়ার কথা রয়েছে।
কারা পাবেন সুবিধা
আবেদনের শেষ দিনে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধার আওতায় আসবেন না।কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে নতুন উদ্যোগ গড়ে তুলতে এ অর্থায়ন দেওয়া হবে। পাশাপাশি ই-কমার্স, ফিনটেক, অ্যাডটেক, অ্যাগ্রিটেক ও হেলথটেকের মতো প্রযুক্তিনির্ভর স্টার্টআপ এবং অন্যান্য বৈধ আয়মুখী উদ্যোগও এ কর্মসূচির আওতায় আসবে।
