ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে ব্যর্থ অধিকাংশ ব্যাংক

স্টাফ রিপোর্টার

ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) সর্বোচ্চ ৪ শতাংশে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা অধিকাংশ ব্যাংকই মানছে না। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে গড় স্প্রেড দাঁড়িয়েছে প্রায় ৬ শতাংশে। সবচেয়ে বেশি ব্যবধান বিদেশি ব্যাংকগুলোতে, ৮ দশমিক ১৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর গড় স্প্রেড ৫ দশমিক ৭০ শতাংশ এবং বেসরকারি ব্যাংকগুলোর ৫ দশমিক ৫৬ শতাংশ। এতে ঋণের সুদ কমিয়ে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ব্যাংক আমানতের বিপরীতে গ্রাহককে যে গড় সুদ দেয় এবং ঋণ বিতরণের বিপরীতে যে গড় সুদ আদায় করে, এ দুইয়ের পার্থক্যই স্প্রেড। গত জুনে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে আনতে ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য ঋণ এবং আমানতের গড় ভারিত সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ঋণের তুলনায় আমানতে কম সুদ দেওয়ার প্রবণতা ব্যবসা-বাণিজ্য ও শিল্পের বিকাশে বাধা তৈরি করছে।

সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পাঁচটির স্প্রেড ছিল ৪ শতাংশের বেশি। এর মধ্যে সোনালী ব্যাংকের ৫ দশমিক ৮৩ শতাংশ, জনতা ব্যাংকের ৫ দশমিক ২০ শতাংশ এবং অগ্রণী ব্যাংকের ৫ দশমিক ০৩ শতাংশ।

বেসরকারি ৪৩টি ব্যাংকের মধ্যে ৪০টির স্প্রেড নির্ধারিত সীমা ছাড়িয়েছে। এ খাতে সর্বোচ্চ ৯ দশমিক ৭৬ শতাংশ স্প্রেড রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ঋণের গড় সুদহার ১৬ দশমিক ২৭ শতাংশ, বিপরীতে আমানতের সুদহার ৬ দশমিক ৫১ শতাংশ।

এ ছাড়া ডাচ্‌-বাংলা ব্যাংকের স্প্রেড ৮ দশমিক ৭৬ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৫৭ শতাংশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৫৫ শতাংশ। তবে বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও এবি ব্যাংক ৪ শতাংশের নিচে স্প্রেড রাখতে পেরেছে। এর মধ্যে এবি ব্যাংকের স্প্রেড মাত্র ০ দশমিক ৬৭ শতাংশ।

বিদেশি খাতের নয়টি ব্যাংকের কোনোটিই কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমার মধ্যে স্প্রেড রাখতে পারেনি। এদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্প্রেড সর্বোচ্চ ৯ দশমিক ৭৯ শতাংশ। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ৯ দশমিক ১৯ শতাংশ এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ৭ দশমিক ৯৬ শতাংশ।

ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পর্যাপ্ত তারল্য থাকা সত্ত্বেও অনেক ব্যাংকের ঋণ বিতরণ বাড়ছে না। পাশাপাশি আগে দেওয়া ঋণ ও সংগৃহীত আমানতের সুদহারের কাঠামো দ্রুত সমন্বয় করাও কঠিন। ফলে অনেক ব্যাংকের স্প্রেড এখনো নির্ধারিত সীমার ওপরে রয়েছে।

এ পরিস্থিতিতে ঋণের সুদহার কমিয়ে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন বাড়ানোর কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *