ইসলামী ব্যাংকে সরকারের ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের তথ্য নেই
ইসলামী ব্যাংকে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ধরনের বিনিয়োগের বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও তারা পায়নি।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই থেকে জানানো হয়েছে, গত ১৭ নভেম্বর ডিএসইর পক্ষ থেকে অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ইসলামী ব্যাংকে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শীর্ষক সংবাদের বিষয়ে ব্যাংকটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
এর জবাবে ইসলামী ব্যাংক জানিয়েছে, ব্যাংকের ইকুইটিতে (শেয়ার মূলধন) সরকারের বিনিয়োগের আগ্রহ বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ ধরনের কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব তাদের কাছে এলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি জানানো হবে।
