সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

স্টাফ রিপোর্টার

ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক গতিতে দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

আইএসপিআর আরও জানায়, ফাতাহ-৩ পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার সক্ষমতা ও আঘাত হানার দূরত্ব বাড়াবে। এর ফলে দেশটির প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা ও প্রতিরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী হবে।

ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

ফাতাহ-৩-এর সফল পরীক্ষায় অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানেরা।

দেশটির প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে এই সাফল্যের পেছনে অবদান রাখা সবাইকে তাদের নিষ্ঠা ও প্রচেষ্টার জন্য প্রশংসা করেন তারা।

সূত্র: জিও নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *