ভিয়েতনামে স্থিতিশীল কফির দাম

স্টাফ রিপোর্টার

ভিয়েতনামে কফির নতুন মৌসুম শুরু হলেও কৃষকরা ধীরগতিতে ফসল সংগ্রহ করছেন। ফলে বাজারে নতুন কফির সরবরাহ এখনো সীমিত। এ কারণে এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে কফির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী মাসের আগে বাজারে উল্লেখযোগ্য পরিমাণ নতুন কফি আসার সম্ভাবনা কম। একই সঙ্গে দেশের মধ্য পাহাড়ি অঞ্চলে সাম্প্রতিক বৃষ্টিপাত কফি তোলা বা ফসল কাটা কার্যক্রমে কোনো বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করবে না। খবর বিজনেস রেকর্ডার।

দেশটির প্রধান কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসে কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি বিন বিক্রি করছেন ৮৩ হাজার ২০০ থেকে ৮৩ হাজার ৮০০ ডং বা ৩ ডলার ২৪ থেকে ৩ ডলার ২৬ সেন্টে। এর আগের সপ্তাহে প্রতি কেজি কফির দাম ছিল ৮৩-৮৪ হাজার ডং।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, কৃষকরা নতুন মৌসুমের কফি সংগ্রহ করা শুরু করেছেন। তবে কাজের গতি এখনো বেশ ধীর। বাজারে সরবরাহও কম। আগামী মাসের আগে উল্লেখযোগ্য পরিমাণ নতুন কফি বাজারে আসবে না বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দেশটির অন্যান্য অঞ্চলে সাম্প্রতিক বৃষ্টিপাতে কফি সংগ্রহে বড় ধরনের বাধা তৈরি হয়নি। ব্যবসায়ীরা জানান, কফি চাষ ও উৎপাদনকারী এলাকাগুলোতে হালকা বৃষ্টি হয়েছে। এতে ফসল সংগ্রহের কাজে বিঘ্ন ঘটেনি। সপ্তাহের শুরু থেকে ভিয়েতনামের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিতে বন্যা ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেশটির প্রধান কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি।

আন্তর্জাতিক বাজারে গত বুধবার জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে রোবাস্তা কফির দাম টনপ্রতি ৫ ডলার কমে ৩ হাজার ২৪৫ ডলারে লেনদেন হয়েছে।

ব্যবসায়ীরা ৫ শতাংশ কালো ও ভাঙা গ্রেড টু রোবাস্তা কফির স্পট চুক্তির ওপর টনপ্রতি ৪০-৫০ ডলার প্রিমিয়ামে (অতিরিক্ত সংযোজিত মূল্য) বিক্রির প্রস্তাব দিয়েছেন। তবে জানুয়ারিতে সরবরাহ চুক্তির ক্ষেত্রে টনপ্রতি দামে ৫০ ডলার ডিসকাউন্টে অফার করেছেন।

অন্যদিকে ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলের রোবাস্তা কফি ডিসেম্বরে সরবরাহ চুক্তিমূল্যের চেয়ে টনপ্রতি ২০০-৩০০ ডলার প্রিমিয়ামে বিক্রির প্রস্তাব দেয়া হয়েছে। আরেক ব্যবসায়ী নভেম্বরে সরবরাহ চুক্তিমূল্যের চেয়ে ৩০০ ডলার বেশি দাম চেয়েছেন। আগের সপ্তাহেও এ দর অপরিবর্তিত ছিল।

বিশ্বের অন্যতম প্রধান রোবাস্তা উৎপাদনকারী দেশ ভিয়েতনামের নতুন কফি বাজারে আসার গতি ও সরবরাহ পরিস্থিতির ওপর নজর রাখছেন ব্যবসায়ীরা। আগামী মাসে সরবরাহ বাড়লে আন্তর্জাতিক বাজারেও দামের ওপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *