মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

স্টাফ রিপোর্টার

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

 

জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে পল্লবী শিল্পাঞ্চল, মিরপুর-১, মিরপুর-২ ও মিরপুর-১১ এলাকার বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। শ্রমিকরা মিরপুর-১ ও মিরপুর-২ থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হতে থাকেন এবং প্রধান সড়ক অবরোধের চেষ্টা করেন। এছাড়া মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে এবং কালশী মোড়েও শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়।

আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা। এর পাশাপাশি অন্যান্য বকেয়া ও সুযোগ-সুবিধার দাবিতেও তারা স্লোগান দেন।

পুলিশ জানায়, শ্রমিকরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ প্রথমে মাইকিং করে তাদের সরে যাওয়ার অনুরোধ করে, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিরপুর থানার সামনে ও আশপাশের এলাকায় টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

 

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, সকাল সোয়া ১১টার পর শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ও এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *