১৫ বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে ১৫টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করছে বাংলাদেশ। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে আগামী কয়েক মাসে এসব প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।কাতারের দোহায় ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৬-এ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) আয়োজনে অনুষ্ঠিত এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইনভেস্ট বাংলাদেশ। ফোরামের গ্লোবাল ইনভেস্টমেন্ট প্রমোশন কনফারেন্সের একটি মন্ত্রিপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী। এ আলোচনায় জলবায়ু অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তরের বিভিন্ন দিক উঠে আসে। এসময় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ, সহায়ক অবকাঠামো ও জ্বালানি খাতের অগ্রাধিকারগুলো তুলে ধরেন আশিক চৌধুরী।

বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের দায়িত্বে থাকা তিনটি সংস্থাকে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ গঠনের ফলে নবায়নযোগ্য জ্বালানির বিনিয়োগকারীরা কী সুবিধা পাবেন, প্যানেলে এমন প্রশ্ন ওঠে। জবাবে আশিক চৌধুরী বিনিয়োগ উন্নয়নের কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করেন।ফোরামে বৈশ্বিক বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ উপস্থাপন করা হয়।

জ্বালানি রূপান্তরের অগ্রাধিকারগুলোকে বাস্তবায়নযোগ্য ও বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিতে সরকার এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হয়।ইনভেস্ট বাংলাদেশের পাইপলাইনে থাকা ১৫টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প পিপিপির ভিত্তিতে এগিয়ে নেওয়ার উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের অংশ। এসব প্রকল্প বাস্তবায়নে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি জ্বালানি রূপান্তরে বাংলাদেশের অগ্রাধিকারগুলো বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *