নারায়ণগঞ্জে হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ওয়ালটন প্লাজার সঙ্গে চুক্তি

স্টাফ রিপোর্টার

সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে যুক্ত হচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এ উদ্যোগের আওতায় উপজেলার ফতুল্লা গ্রোথ সেন্টারে ১৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সঙ্গে ওয়ালটন প্লাজার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত এবং ওয়ালটনের পক্ষে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়জ উদ্দিন। এ ছাড়া ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সরকারের সবুজ জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের অগ্রাধিকার এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফতুল্লা গ্রোথ সেন্টারে ১৫ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপনের কার্যক্রম শুরু হচ্ছে।

 

এ ছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মোট ৫৭১ কিলোওয়াট-পিক (kWp) ক্ষমতার হাইব্রিড সোলার সিস্টেম স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী চার মাসের মধ্যে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

এই উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। পাশাপাশি প্রচলিত গ্রিড বিদ্যুতের ওপর নির্ভরতা, বিদ্যুৎ ব্যয় ও কার্বন নিঃসরণ কমানোর সুযোগ তৈরি হবে।

প্রকল্পটির মাধ্যমে পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে প্যারিস জলবায়ু চুক্তির অনুচ্ছেদ ৬.৪-এর আওতায় কার্বন ক্রেডিটিং ব্যবস্থায় অংশগ্রহণের সম্ভাবনাও বিবেচনা করা যেতে পারে। তবে এ সুবিধা অর্জন সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিধিবিধান, অনুমোদন ও যোগ্যতার শর্ত পূরণের ওপর নির্ভরশীল।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশল দপ্তরের সমন্বয়ে এগিয়ে নেওয়া এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *