ইসলামী ব্যাংকে বন্ধ হিসাব ৭ দিনের মধ্যে চালু করলে মিলবে আগের সব সুবিধা
সাম্প্রতিক অস্থিরতার মধ্যে ভেঙে ফেলা বা বন্ধ করা মেয়াদি ও সঞ্চয়ভিত্তিক হিসাব পুনরায় চালুর সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক। আগামী সাত কর্মদিবসের মধ্যে হিসাব পুনরায় সক্রিয় করলে গ্রাহকরা আগের সব সুবিধা ও শর্ত বহাল রাখতে পারবেন বলে জানিয়েছে ব্যাংকটি।
সোমবার (১৫ জুন) জারি করা এক অভ্যন্তরীণ নির্দেশনায় এ তথ্য জানিয়ে সেখানে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে অনেক গ্রাহক তাদের মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট (এমটিডিআর), মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম (এমএমপিডিএস), মুদারাবা স্পেশাল সেভিংস স্কিম (এমএসএস) এবং মুদারাবা সেভিংস বন্ড (এমএসবি) হিসাব ভেঙে নগদ অর্থ উত্তোলন করেছেন।
নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৫ জুনের মধ্যে বন্ধ বা ভাঙানো এসব হিসাবের গ্রাহকরা আবেদন করলে সেগুলো পুনরায় চালু করা হবে। এক্ষেত্রে হিসাব খোলার সময়কার মুনাফার হারসহ অন্য সুবিধা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকের সব জোন, শাখা ও উপশাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ হওয়া হিসাবগুলোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে যোগাযোগেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাংকটির কর্মকর্তারা মনে করছেন, সাম্প্রতিক অনিশ্চয়তার কারণে কিছু গ্রাহক আমানত তুলে নিয়েছেন। পুনরায় হিসাব চালুর এ উদ্যোগ গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের পাশাপাশি ব্যাংকে আমানতের প্রবাহ বাড়াতে সহায়ক হবে।
