পাচারের ৪৪ কোটি ৪৫ লাখ টাকা দেশে ফেরাল সিআইডি

স্টাফ রিপোর্টার

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি ৪৫ লাখ টাকা (প্রায় ৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার) দেশে ফেরত এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বহুল আলোচিত এমটিএফই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পাচার হয়েছিল এই অর্থ।

রবিবার ( ২৯ মার্চ) রাতে সিআইডি এক বার্তায় জানায়, সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পুলিশ কর্মকর্তারা।

সিআইডি জানায়, ​দুবাইভিত্তিক প্রতিষ্ঠানটি এমটিএফই মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতিতে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে হাজার হাজার বাংলাদেশির কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেয়।

আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাসেট রিয়েলিটি লিমিটেড’ এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘জেপি মরগান চেজ ব্যাংকের’ সহায়তায় উদ্ধার করে আনা এই বিশাল অঙ্কের ক্রিপ্টো সম্পদ রবিবার সিআইডির সোনালী ব্যাংকের অফিশিয়াল হিসাবে জমা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *