জিদান-জাভি-ক্লপদের সামনে এবার জাতীয় দলের পরীক্ষা

স্টাফ রিপোর্টার

চলতি আন্তর্জাতিক বিরতিতে একসঙ্গে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হচ্ছে একঝাঁক পরিচিত তারকা ফুটবলার ও ক্লাব পর্যায়ে সফল কোচদের। জাভি হার্নান্দেস, ইয়ুর্গেন ক্লপ, জিনেদিন জিদান, মার্ক ফন বোমেল, রাফা মার্কেজ, মার্সেলো গায়ার্দো, ডিয়েগো ফোরলান ও প্যাত্রিক ভিয়েরা, সবাই শুরু করছেন নতুন অধ্যায়।

 

এদের কেউ ছিলেন বিশ্বজয়ী ফুটবলার, আবার কেউ বা ছিলেন খেলোয়াড়ি জীবনে বিশাল তারকা। কেউ আবার ক্লাব ফুটবলের ডাগআউট থেকে লিখেছেন সাফল্যের গল্প। কেউ জিতেছেন বিশ্বকাপ, কেউ চ্যাম্পিয়নস লিগ। আবার কারও নাম শুনলেই মনে পড়ে যায় ইউরোপের বড় বড় ক্লাবের সোনালি সময়। সেই পরিচিত মুখগুলোকেই দেখা যাবে জাতীয় দলের ডাগআউটে।

জাভি হার্নান্দেস
খেলোয়াড় হিসেবে বার্সেলোনার সোনালি প্রজন্মের অন্যতম মুখ ছিলেন জাভি। ক্লাবটির হয়ে আটটি লিগ ও চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরোও জিতেছেন তিনি। কোচ হিসেবেও বার্সেলোনাকে লা-লিগা জিতিয়েছেন।

এবার অবশ্য চ্যালেঞ্জটা আরও বড়। জাতীয় দলের কোচ হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব নিয়েছেন জাভি। নেদারল্যান্ডসের কোচ হিসেবে তাঁর প্রথম পরীক্ষা জার্মানির বিপক্ষে, ২৪ সেপ্টেম্বর। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছে ডাচ ফুটবল ফেডারেশন।

 

ইয়ুর্গেন ক্লপ
লিভারপুলে নয় বছর কাটিয়ে এবার জার্মানির ডাগআউট ক্লপ। তাঁর ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি লিভারপুলে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগসহ একাধিক বড় শিরোপা জিতেছেন তিনি। এর আগে বরুসিয়া ডর্টমুন্ডকেও দুটি বুন্দেসলিগা শিরোপা জিতিয়েছিলেন।

জাতীয় দলের দায়িত্ব অবশ্য তাঁর জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। চার বছরের চুক্তিতে জার্মানির কোচ হওয়া ক্লপের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে, ২৪ সেপ্টেম্বর। এরপর তাঁর সামনে ইউরো ২০২৮ ও ২০৩০ বিশ্বকাপের বড় লক্ষ্য।

জিনেদিন জিদান
ফ্রান্সের ডাগআউটে এবার উঠছেন দেশটিরই এক কিংবদন্তি। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করেছিলেন জিদান। জিতেছেন ২০০০। পরে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে তৈরি করেছেন অনন্য ইতিহাস।

 

দিদিয়ের দেশমের দীর্ঘ অধ্যায়ের পর ফ্রান্সের দায়িত্ব এখন জিদানের হাতে। ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে নেশনস লিগ ম্যাচ দিয়ে শুরু হবে তাঁর জাতীয় দলের কোচিং অধ্যায়। চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

মার্ক ফন বোমেল
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, পিএসভি, এসি মিলানের মতো ক্লাবে খেলা ফন বোমেল এবার বেলজিয়ামের কোচ। নেদারল্যান্ডসের হয়ে ৭৯ ম্যাচ খেলা সাবেক এই মিডফিল্ডার ২০১০ বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন।

ক্লাব কোচ হিসেবে পিএসভি, ভলফসবুর্গ ও রয়্যাল অ্যান্টওয়ার্পের দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব। ২৫ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাঁর বেলজিয়াম অধ্যায়।

রাফা মার্কেজ
মেক্সিকোর ফুটবলের সঙ্গে রাফা মার্কেজের সম্পর্ক বহু পুরোনো। খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে মেক্সিকোর প্রতিনিধিত্ব করেছেন তিনি। বার্সেলোনার হয়েও চারটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।
এবার নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব তাঁর হাতে। জাভিয়ের আগিরেরের পর নতুন কোচ হিসেবে মার্কেজের প্রথম ম্যাচ ২৬ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে। এরপর পেরু, যুক্তরাষ্ট্র ও চিলির বিপক্ষেও ম্যাচ রয়েছে তাঁর প্রথম আন্তর্জাতিক বিরতিতে।

 

মার্সেলো গায়ার্দো
রিভার প্লেটের ইতিহাসে অন্যতম সফল কোচ গায়ার্দো। এবার ক্লাব ফুটবলের সেই অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলের ডাগআউটে তাঁর প্রথম অভিযান। দায়িত্ব নিয়েছেন ইকুয়েডরের।

সেবাস্তিয়ান বেকাসেসের পর ইকুয়েডরের নতুন কোচ হয়েছেন আর্জেন্টাইন এই কোচ। ২৪ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাঁর জাতীয় দলের অধ্যায়। এরপর জাপানের বিপক্ষে খেলবে ইকুয়েডর, আর ৫ অক্টোবর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ হবে পানামা অথবা নিউজিল্যান্ড।

ডিয়েগো ফোরলান
উরুগুয়ের হয়ে ২০১০ বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী ফরোয়ার্ড এবার জাতীয় দলের ডাগআউটে। মার্সেলো বিয়েলসা বিশ্বকাপের পর সরে দাঁড়ানোর পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোরলান।

উরুগুয়ের কোচ হিসেবে তাঁর প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে। এরপর দক্ষিণ কোরিয়া ও ভারতের বিপক্ষেও ম্যাচ রয়েছে। আপাতত তাঁর দায়িত্ব অন্তর্বর্তীকালীন, আগামী মার্চ পর্যন্ত এই মেয়াদ নির্ধারিত।

প্যাত্রিক ভিয়েরা
১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভিয়েরা। আর্সেনালের কিংবদন্তি মিডফিল্ডার হিসেবে পরিচিত এই সাবেক তারকা এবার সেনেগালের কোচ।

২৫ সেপ্টেম্বর মোজাম্বিকের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাঁর সেনেগাল অধ্যায়। এরপর ইথিওপিয়া ও কোমোরোসের বিপক্ষেও ম্যাচ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *