রিজার্ভ কমে ৩৪.১০ বিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১.৩৯ বিলিয়ন ডলার কমেছে। এর ফলে রোববার (৮ মার্চ) দিনশেষে বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.১০ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের জন্য আকুভুক্ত দেশগুলোর কাছে আমদানি বিল বাবদ প্রায় ১.৩৬ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এর ফলে রিজার্ভে এই হ্রাস দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৫ মার্চ শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী তখন রিজার্ভ ছিল ৩০.৭৬ বিলিয়ন ডলার। আকুর বিল পরিশোধের পর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.৩৮ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সাধারণত প্রতি দুই মাস পর আকুর বিল পরিশোধ করা হয় এবং এসময় রিজার্ভ কিছুটা কমে যায়। এর আগে নভেম্বর-ডিসেম্বর সময়ের আকু বিল ছিল ১.৫৩ বিলিয়ন ডলার। সেপ্টেম্বর-অক্টোবর সময়ের বিল পরিশোধ করা হয় ১.৬১ বিলিয়ন ডলার। এর আগের দুই মাসে আকুর বিল ছিল প্রায় ১.৫০ বিলিয়ন ডলার।

আকু হলো এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে হওয়া আমদানি-রপ্তানি লেনদেনের মূল্য প্রতি দুই মাস অন্তর নিষ্পত্তি করা হয়। বর্তমানে আকুর সদস্য দেশ হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *