৮৩% ভুট্টা আমদানি কমিয়েছে ইইউ

প্রতি বছর ১ জুলাই ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় কৃষিপণ্যের নতুন বিপণন মৌসুম শুরু হয়। চলে পরের বছরের ৩০ জুন পর্যন্ত। সেই হিসাবে, ১ জুলাই ইইউভুক্ত দেশগুলোয় কৃষিপণ্যের ২০১৯-২০ বিপণন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের প্রথম তিন সপ্তাহে (১-২১ জুলাই) এসব দেশ সব মিলিয়ে ভুট্টা আমদানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৮১ শতাংশ বেড়েছে। একই সময় এসব দেশে সয়াবিন আমদানিতেও ৮১ শতাংশ চাঙ্গা ভাব দেখা গেছে। তবে পাম অয়েল আমদানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় কমেছে ৪৫ শতাংশ। ইউরোপীয় কমিশনের (ইসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম ও এগ্রিমানি।

ভুট্টা আমদানিকারকদের বৈশ্বিক তালিকায় ইইউভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে শীর্ষ অবস্থানে রয়েছে। ইসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০১৯-২০ বিপণন মৌসুমের প্রথম তিন সপ্তাহে আন্তর্জাতিক বাজার থেকে ইইউভুক্ত দেশগুলো সব মিলিয়ে ১২ লাখ টন ভুট্টা আমদানি করেছে, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৮১ শতাংশ বেশি।

এদিকে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চাঙ্গা ভাবের মধ্য দিয়ে মৌসুম শুরু হলেও এবার ইইউভুক্ত দেশগুলো ভুট্টা আমদানি কমিয়ে দিতে পারে। ২০১৯-২০ বিপণন মৌসুম শেষে এসব দেশে সব মিলিয়ে দুই কোটি টন ভুট্টা আমদানি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি, যা আগের মৌসুমের তুলনায় ১৪ দশমিক ৮৯ শতাংশ কম। গত মৌসুমে ইইউভুক্ত দেশগুলো মোট ২ কোটি ৩৫ লাখ টন ভুট্টা আমদানি করেছিল।

সয়াবিন আমদানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় ইইউভুক্ত ২৮ দেশের সম্মিলিত অবস্থান বিশ্বে দ্বিতীয়। চলতি মৌসুমের প্রথম তিন সপ্তাহে এসব দেশ সব মিলিয়ে ৮ লাখ ৯৭ হাজার টন সয়াবিন আমদানি করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইসি। এক বছরের ব্যবধানে ইইউভুক্ত দেশগুলোয় কৃষিপণ্যটির আমদানি বেড়েছে ৮১ শতাংশ।

ইউএসডিএ জানিয়েছে, এবারের মৌসুমে ইইউভুক্ত দেশগুলোয় ভুট্টার পাশাপাশি সয়াবিন আমদানিও কমতির দিকে থাকতে পারে। এ সময় ইইউভুক্ত ২৮ দেশ আন্তর্জাতিক বাজার থেকে মোট ১ কোটি ৫১ লাখ টন সয়াবিন আমদানির সম্ভাবনা রয়েছে, যা আগের মৌসুমের তুলনায় ২ দশমিক ৫৮ শতাংশ কম। আগের মৌসুমে এসব দেশে ১ কোটি ৫৫ লাখ টন সয়াবিন আমদানি হয়েছিল। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে ইইউভুক্ত দেশগুলোয় কৃষিপণ্যটির আমদানি কমতে পারে চার লাখ টন।

এদিকে চলতি ২০১৯-২০ মৌসুমের ১-২১ জুলাই সময়ে ইইউভুক্ত দেশগুলো আন্তর্জাতিক বাজার থেকে মোট ১ লাখ ৭১ হাজার টন পাম অয়েল আমদানি করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইসি, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *