৬৪০ কোটি টাকা ব্যয়ে পায়রা নদীতে সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগ

স্টাফ রিপোর্টার

‘পায়রা নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজের জন্য ৬৪০ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

তিনি বলেন, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোহালিয়া-কালাইয়া সড়কে পায়রা নদীর উপর সেতু নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজ যৌথভাবে স্যামওয়ান (SAMWHAN) এবং মীর আখতারের (MIR AKHTER) কাছ থেকে ৬৪০ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ৮৪৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সামসুল আরেফিন জানান, বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ‘শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডিপিএম-০১ এর নির্মাণ কাজের ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ২৪৯ কোটি ১ লাখ ৫৩ হাজার ৭৯১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘শরীয়তপুর-জাজিরা-নওডোবা (পদ্মা ব্রিজ সংযোগ সড়ক) উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নম্বর-ডাব্লিউপি-০১ এর পূর্ত কাজ এম/এস সালেহ আহমেদের নিকট থেকে ১২৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৫৫৯ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *