৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার

আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)।

রবিবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনকারীদের সামনে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

এর আগে, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্তে আসেন তারা।

রাজু ভাস্কর্যে অনশনকারী শিক্ষার্থীদের ডাবের পানি খাইয়ে অনশন ভাঙান আসিফ মাহমুদ। এ সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখানে অনশনরত ও আন্দোলনরত পরীক্ষার্থীদের প্রথম ও প্রধান দাবি ছিল ৮ তারিখের পরীক্ষা পেছানো। এ দাবির বিষয়ে আমরা গত ৫ ঘণ্টা ধরে পিএসসির চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা শেষে পিএসসির সদস্যরাই সেটা (পরীক্ষা পেছানো) ঘোষণা করে গেছেন। আন্দোলনরত পরীক্ষার্থীদের আরো যে সংস্কার দাবিগুলো রয়েছে- সরকারের উচ্চ পর্যায়ের একটা কমিটি হয়েছে‌ এবং আমাদের বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে সেটার দায়িত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “সরকারের দুইটি পিএসসি করার প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়াও আরো অনেকগুলো সংস্কারের চিন্তা সরকারের আছে। সেই বিষয়গুলোতে এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন, তাদের প্রতিনিধিরা উপদেষ্টা ফাওজুল কবির খান স্যারের সঙ্গে বসবেন। ওনাদের মতামত দিবেন। পিএসসির পর্যায়ে যে সংস্কারগুলো করা সম্ভব, সেগুলোর বিষয়েও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কাজ করবেন।”

এর আগে, পিএসসি সংস্কারের দাবিতে টানা চতুর্থ দিন রাজুতে অনশন করেন আন্দোলনকারীরা। সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ ব্লকেডও করেন একদল আন্দোলনকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *