৩০ হাজার টাকা বেতন দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজও (রোববার) রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকদের সড়ক অবরোধে সকাল ৯টা থেকে মিরপুর ১০, ১১, ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ওই এলাকায় চলাচলরতদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
রোববার (১ নভেম্বর) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আজকেও সকাল থেকে মিরপুর ১০, ১১, ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকরা নেমেছে। তারা সড়ক অবরোধ করে তাদের দাবি জানাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
এর আগে, গতকাল শনিবার দুপুরের দিকে শ্রমিকেরা মিরপুর ১০ থেকে সরে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী থানাধীন এলাকায় পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে কারখানাটিতে ভাঙচুর চালান শ্রমিকেরা।
এ সময় তারা একটি বিপণিবিতানেও ভাঙচুর চালান। ওইদিন বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন কালশীর আদর্শনগর এলাকার ২২ তলা পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।
