সৌদি-চীনের ৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি
সৌদি আরবের সঙ্গে প্রায় ৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে চীন। গত সপ্তাহে সৌদি আরব সফরকালে এ চুক্তি স্বাক্ষর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর অ্যারাবিয়ান বিজনেস।
রোববার রিয়াদে আয়োজিত এক সম্মেলনে সৌদি সরকারের মুখপাত্র জানান, সরকারি ও বেসরকারি খাতে চীনের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
গত সপ্তাহে শি জিনপিংয়ের রিয়াদ সফর চীন ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে হাজির হয়েছে। এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের উষ্ণ সম্পর্কের আভাস দেখছেন বিশ্লেষকরা।
সমালোচকরা অবশ্য বলছেন, উভয় পক্ষের মধ্যে উষ্ণ বাক্য বিনিময় হলেও চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি বরং বেশ কয়েকটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে।
জ্বালানি নীতি ও নতুন জ্বালানি ক্ষেত্র অনুসন্ধানে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায় চীন ও সৌদি আরব। ওপেক প্লাস তেল উত্তোলনকারী দেশগুলোর মধ্যে সৌদি আরব অনেকটা ডি ফ্যাক্টো নেতা। রাশিয়া ও সৌদি আরব মিলে বিশ্বের অর্ধেক জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ করে।
