সৌদি আরবের মূল্যস্ফীতি ২.৩ শতাংশে নেমেছে
জুনের তুলনায় জুলাইয়ে মূল্যস্ফীতির হার কমেছে সৌদি আরবে। জুনে দেশটির মুদ্রাস্ফীতির হার ছিল ২ দশমিক ৭ শতাংশ। আর জুলাইয়ে তা ২ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। খবর আরব নিউজ।
জেনারেল অথরিটি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গৃহসজ্জা সামগ্রী, গৃহস্থালি সরঞ্জাম ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমেছে। জুনের তুলনায় জুলাইয়ে পোশাক ও জুতার দাম দশমিক ৮ শতাংশ কমেছে। এছাড়া ব্যক্তিগত পণ্য ও পরিষেবার দাম দশমিক ৬ শতাংশ কমেছে।
অন্যদিকে জুনের তুলনায় জুলাইয়ে আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানির দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে জুনের তুলনায় জুলাইয়ে খাদ্য ও পানীয়ের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে এবং হোটেলের দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ।
সাম্প্রতিক মাসগুলোয় সব প্রধান অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার বেড়েছে। তবে সৌদি আরব তার ভোক্তা মূল্য সূচক স্থিরভাবে বজায় রাখার মাধ্যমে সফলভাবে এ প্রবণতাকে ঠেকিয়েছে। জুনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানায়, ২০২৩ সালে সৌদি আরবের মুদ্রাস্ফীতির হার ২ দশমিক ৮ শতাংশে থাকবে বলে আশা করা যাচ্ছে। ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা আরো উল্লেখ করেছে, দেশটির জ্বালানি তেলবহির্ভূত অন্যান্য খাত শক্তিশালী থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
