সরকারি এলপিজির দাম এখন ১৮৬০ টাকা, তাতেও আপত্তি ডিলারদের

স্টাফ রিপোর্টার

ভোক্তাপর্যায়ে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। এতে বিপাকে পড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এলপি গ্যাস পিএলসি (এলপিজিএল)। বেসরকারি থেকে সিলিন্ডারে ২৮৬ টাকা কম হলেও আপত্তি সরকারি এলপি গ্যাস ডিলারদের।

গত ২ নভেম্বর সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৮২৫ টাকা থেকে এক লাফে বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে একই দিন বেসরকারি সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করা হয় ২ হাজার ১৪৬ টাকা।

বর্ধিত দাম ঘোষণার পরদিন থেকে ফরমায়েশ মাফিক গ্যাস সরবরাহ না নেওয়ায় তিন বিতরণ কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলকে চিঠি দিয়েছে এলপিজিএল। পাশাপাশি কোনো নীতিমালা না থাকলেও প্রতি সাড়ে ১২ কেজির সিলিন্ডার গ্যাসের বিপরীতে ১ হাজার ৪ টাকা ৭ পয়সা করে ‘এলপিজি খাত উন্নয়ন তহবিল’ নামে আলাদা একটি তহবিল গঠন করা হয়।

তাছাড়া ভোক্তাপর্যায়ে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ৮৬০ টাকা নির্ধারিত হলেও বিপরীতে এলপিজিএলের আয় নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা ২০ পয়সা। এর মধ্যে এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (অবচয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়সহ) নির্ধারিত রয়েছে। এ আয় নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন এলপিজিএলের কর্মকর্তারা।

এলপিজিএল সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে এলপিজিএল ২০ হাজার ৬৭৯ মেট্রিক টন এলপি গ্যাস বিক্রি করে। এর মধ্যে ১৯ হাজার ৬৬৩ টন বোতলজাত করে চার বিপণন কোম্পানিকে সরবরাহ দেয়। ৮৪৭ মেট্রিক টন সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়। অবশিষ্ট ১৬৯ মেট্রিক টন বিক্রি করা হয় বাল্ক আকারে।

যেভাবে ভোক্তাপর্যায়ে ১৮৬০ টাকা!
সরকারি এলপিজির সিংহভাগ আসে ইস্টার্ন রিফাইনারির উপজাত হিসেবে। বাকিটা আসে সিলেট গ্যাস ফিল্ড থেকে। গত ২ নভেম্বর বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভোক্তাপর্যায়ে সাড়ে ১২ কেজি সরকারি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলার সংকট ও বেসরকারি খাতের সঙ্গে মূল্যের বিশাল অসামঞ্জস্যতার কারণে ডিলারদের অবৈধ ‘ক্রসফিলিং’ রোধে সরকারি এলপি গ্যাসের দাম বাড়ানো হয়।

৪৮১ টাকার গ্যাস যেভাবে ১৮৬০ টাকা
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, সাড়ে ১২ কেজি গ্যাসের রিফাইনারি মূল্য (মূল গ্যাসের মূল্য) ৪৮০ দশমিক ৭৩ টাকা, এলপিজি খাত উন্নয়ন তহবিলের অংশ ১ হাজার ৪ দশমিক শূন্য ৭ টাকা। এলপিজিএলের গ্যাস মজুতকরণ, বোতলজাতকরণ চার্জ ১৬০ দশমিক ২০ টাকা। এতে এলপিজিএল পর্যায়ে সাড়ে ১২ কেজি গ্যাসের মূল্য ১ হাজার ৬৪৫ টাকা। তেল বিপণন কোম্পানির (পদ্মা, মেঘনা ও যমুনা) চার্জ ৩০ টাকা, সমান পরিবহন ভাড়া ৬৫ টাকা মিলে ডিপো মূল্য দাঁড়ায় ১ হাজার ৭৪০ টাকা। ডিলারদের স্থানীয় পরিবহন খরচ ৫০ টাকা, ডিলারপর্যায়ে অপারেশন খরচ ও চার্জ ৭০ টাকা মিলে ভোক্তাপর্যায়ে সাড়ে ১২ কেজি গ্যাসের মূল্য ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়।

গ্যাস সরবরাহ নিতে অনীহা ডিলারদের
২ নভেম্বর মূল্যবৃদ্ধির পরের দুদিন শিডিউল অনুযায়ী গ্যাস সরবরাহ নেননি ডিলাররা। শিডিউল অনুযায়ী গ্যাস সরবরাহ নিতে গত ৪ নভেম্বর পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দেয় এলপিজিএল।

এতে দুদিনে শিডিউল অনুযায়ী তিন বিপণন কোম্পানি ৮ হাজার ৫৬৮ সিলিন্ডার গ্যাস উত্তোলনের কথা থাকলেও তারা নিয়েছে মাত্র ৩ হাজার ৯৭ সিলিন্ডার। অর্থাৎ দুদিনে অর্ধেকেরও বেশি গ্যাস অবিক্রীত অবস্থায় রয়ে যায়।

আলেজ সংকটের আশঙ্কা
এলপিজিএল সরকারি বোতলজাত এলপি গ্যাস সরবরাহ দিলেও এসব ডিলার নির্বাচিত করেন বিপিসির বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা ও এসএওসিএল। অনিয়ম ও সমালোচনার কারণে বর্তমানে এসএওসিএলের ডিলারদের এলপিজি সরবরাহ বন্ধ। এদিকে মূল্যবৃদ্ধির পর ডিলাররা পরিকল্পনা মাফিক এলপিজি সরবরাহ না নেওয়ায় বিপাকে পড়ে এলপিজিএল।

তিন বিপণন কোম্পানিকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়, বিপিসির নির্দেশনা অনুযায়ী এলপিজি উত্তোলনের জন্য বিপণন কোম্পানিগুলোকে আগাম শিডিউল দেওয়া হয়। কিন্তু শিডিউল অনুযায়ী ৩ ও ৪ নভেম্বর এলপিজি উত্তোলন করা করায় ইস্টার্ন রিফাইনারি ও এলপিজিএল প্রান্তে আলেজ (মজুত সক্ষমতা) সমস্যার সৃষ্টি হতে পারে।

গ্যাস বিক্রির আয় নিয়ে অসন্তোষ এলপিজিএল
গত ৮ ফেব্রুয়ারি সরকারি এলপি গ্যাসের দাম বাড়ানোর জন্য বিইআরসিকে চিঠি দেয় এলপিজিএল। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (বর্তমানে যমুনা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক) মো. ইউসুফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত ওই চিঠিতে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের মূল্য ১ হাজার ২৩২ টাকা ৪২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়। জানুয়ারি মাসে বেসরকারি সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ছিল ১ হাজার ৩৬০ টাকা। বিইআরসি সবশেষ ২০২৫ সালের ৪ মে ভোক্তাপর্যায়ে এলপিজিএলের সাড়ে ১২ কেজি গ্যাসের দাম ৮২৫ টাকা নির্ধারণ করে।

ওই চিঠিতে এলপিজিএলের গ্যাস মজুতকরণ, বোতলজাতকরণ চার্জ ১৬০ দশমিক ২০ টাকা রাখার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বর্তমানে গ্যাসের দাম ১৮৬০ টাকা করা হলেও এলপিজিএলের চার্জ একই রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, এলপিজিএল সরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দৈনিক ভিত্তিতে দরকষাকষি করে শ্রমিক নিয়োগ দেয়। সরকারি প্রতিষ্ঠান হিসেবে এলপিজিএলে সেই সুযোগ নেই। আবার সরকার অতি সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বর্ধিত করে পে-স্কেল ঘোষণা করেছে। তাতে এলপিজিএলের অপারেশন ব্যয় দাঁড়িয়েছে দ্বিগুণে। কিন্তু বিইআরসি যে দর নির্ধারণ করেছে তাতে পে-স্কেলের বিষয়টি আমলে নেওয়া হয়নি। এতে আর্থিকভাবে সংকটে পড়তে পারে এলপিজিএল।

সংশ্লিষ্টরা যা বলছেন
মূল্যবৃদ্ধির পর তৈরি হওয়া সংকট নিয়ে কথা হলে এলপিজিএলের মহাব্যবস্থাপক (পরিচালনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. ছিদ্দিক হোসেন  বলেন, ‘দীর্ঘদিন ধরে বেসরকারির চেয়ে সরকারি এলপি গ্যাসের দাম অনেক কম ছিল। বিইআরসি নতুন করে দাম নির্ধারণ করেছে।’

তিনি বলেন, ‘নতুন দাম বৃদ্ধির পর ৩ ও ৪ নভেম্বর ডিলার পর্যায়ে শিডিউল অনুযায়ী সরবরাহ নেওয়া হয়নি। তবে সেনাবাহিনী শিডিউল অনুযায়ী গ্যাস নিয়ে যাচ্ছে। ডিলাররা না নেওয়ায় আমরা বৃহস্পতিবার অপারেশন কমিয়ে দিয়েছিলাম। যেহেতু সরকারি নির্দেশনা, সেহেতু নির্দেশনা মেনে আমরা বিপণন কোম্পানিগুলোকে গ্যাস সরবরাহ নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যে সংকটের সমাধান হয়ে যাবে।’

এ বিষয়ে কথা হলে যমুনা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া বলেন, ‘দাম বৃদ্ধির পর প্রথম দুদিন ডিলাররা স্বাভাবিক সরবরাহ না নিলেও এখন তারা সরবরাহ নেওয়া শুরু করেছে। আশা করছি সংকট থাকবে না।’

তিনি বলেন, ‘আমি এলপিজিএলের দায়িত্বে থাকার সময়ে গত ফেব্রুয়ারিতে দাম বাড়ানোর প্রস্তাব করেছিলাম। এখন দাম বাড়িয়েছে। এতে বেসরকারির সঙ্গে সরকারি গ্যাসের মূল্য কাছাকাছি থাকবে।’

এ বিষয়ে কথা হলে এলপিজি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ উর রহমান  বলেন, ‘সরকারি গ্যাস হচ্ছে গরিবের গ্যাস। এগুলো কম আয়ের ভোক্তাদের উপকারে আসে। দেশের মোট চাহিদার এক শতাংশেরও কম সরকারি গ্যাস। সরকারি গ্যাসের দাম বাড়িয়ে বেসরকারিগুলোকে মনোপলি করার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।’

ক্রসফিলিংয়ের বিষয়ে তিনি বলেন, ‘কিছু অসৎ ব্যবসায়ীর জন্য সবাইকে মন্দ বলার সুযোগ নেই। সারাদেশে বেসরকারিতে পাঁচ কোটি সিলিন্ডার রয়েছে। কিন্তু এলপিজিএলের সরকারি সিলিন্ডার রয়েছে সাড়ে চার লাখ। এর মধ্যে সাড়ে তিন লাখ ড্যামেজ হয়ে গেছে। বাকি এক লাখের মধ্যে ৫০ হাজার সিলিন্ডার লিকেজ। নতুন ৩০ হাজার সিলিন্ডার রয়েছে, যেগুলো রংচং করা। সরকারের উচিত বাজারে সরকারি গ্যাসের সরবরাহ বাড়ানো। এতে বেসরকারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি হবে।’

এলপিজি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি সরকারি এ গ্যাসকে গরিবের গ্যাস বললেও বাজারে কখনো সরকারি গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না। টোটাল বাজারে সরকারি গ্যাসের হিস্যা ১ শতাংশ হলেও সেই ১ শতাংশের শূন্য দশমিক ১ শতাংশও মানুষ চোখে দেখতে পায় না। ডিলাররা কম দামে কিনে ক্রসফিলিং করে বেশি দামে বিক্রি করে বলেই অভিযোগ। সরকার এবার ক্রসফিলিংয়ের বিষয়টি চিঠিতে সরাসরি উল্লেখ করেছে। দাম বাড়ানোর অন্যতম কারণও এ অভিযোগ।

এ বিষয়ে কথা হলে বিইআরসির উপ-পরিচালক (ট্যারিফ) কামরুজ্জামান বলেন, ‘বিইআরসির টেকনিক্যাল কমিটির প্রস্তাব এবং শুনানির সিদ্ধান্ত অনুসারে ‘এলপিজি খাত উন্নয়ন তহবিল’ সৃষ্টি করা হয়েছে। এখন এটির জন্য নীতিমালা করা হবে। দাম কম থাকায় সরকারি গ্যাসের সঠিক মূল্য পাওয়া যেত না। এখন সরকারি গ্যাসের সঠিক দাম নিশ্চিত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *