মেশিনারিজ কিনবে ২ প্রতিষ্ঠান, বিআইএফএফএল-অলিম্পিক ঋণ চুক্তি

স্টাফ রিপোর্টার

শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ঋণ চুক্তি করেছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সঙ্গে। বিআইএফএফএল জাপানের জাইকার অর্থায়নে পরিচালিত।

এদিকে, মনোস্পুল বালাদেশ এবং মাগুরা মাল্টিপ্লেক্সের পরিচালনা পর্ষদ উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি তিনটির দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিআইএফএফএলের সঙ্গে অলিম্পিকের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী বিআইএফএফএল থেকে ৫০ কোটি টাকা ঋণ নেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। যা দিয়ে নারায়ণগঞ্জে স্থাপিত ইউনিট ১ ও ২ এর সম্প্রসারণ করা হবে।

মেশিনারিজ কিনবে মনোস্পুল
শেয়ারবাজারে তালিকাভুক্ত মনোস্পুল বালাদেশের পর্ষদ উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির নিজস্ব অর্থায়নে হট স্ট্যাম্পিং মেশিন, ইঙ্কজেট লিথু মেশিন, মিয়াকোসি এ৪ কাটিং মেশিন এবং ৬টিপিএইচ স্টিম গ্রীণ ব্রয়লার কেনা হবে। এতে করে কোম্পানির আয় ও মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে পরিচালনা পর্ষদ।

মেশিনারিজ কিনবে মাগুরা মাল্টিপ্লেক্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্স এর পর্ষদ উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির নিজস্ব অর্থায়নে কেবিএ মেশিন, রি-ওয়াইন্ডার মেশিন, ফোল্ডিং গ্লুইং মেশিন, ডাই কাটিং মেশিন, ফয়েল স্ট্যাম্পিং মেশিন, সিঙ্গেল কালার প্রিন্টিং মেশিন, ফোল্ডিং মেশিন ও সুইং মেশিন কেনা হবে।

এসব মেশিনারিজ কেনার ফলে প্যাকেজিং ম্যাটেরিয়ালস, প্রিন্ট পণ্য, কার্টুন বক্স, কাটিং ম্যাটেরিয়ালস ইত্যাদির উৎপাদন বাড়বে। এতে করে কোম্পানির আয় ও মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে পরিচালনা পর্ষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *