বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হলো ৩৭ দশমিক ২৪৫ বিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য উত্থান হয়েছে। মোট (গ্রস) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ২৪৫ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতিতে এর পরিমাণ ৩২ দশমিক ৪৩৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের গ্রস রিজার্ভের পরিমাণ এই অঙ্কে দাঁড়িয়েছে। এর আগে গত ১২ আগস্ট দিন শেষে গ্রস রিজার্ভ পৌঁছেছিল ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে আর বিপিএম৬ হিসাব পদ্ধতিতে এর পরিমাণ ছিল ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলার।

এর আগে ১০ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার। ১১ আগস্ট তা ছিল ৩৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের ক্ষেত্রে আইএমএফের বিপিএম৬ পদ্ধতিকে সবচেয়ে গ্রহণযোগ্য হিসাব পদ্ধতিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। নিট রিজার্ভ গণনা করা হয় বিপিএম৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট (প্রকৃত) রিজার্ভ পাওয়া যায়।

দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের মধ্যেই রিজার্ভের এ চিত্র সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *