বিএমডব্লিউর বিদ্যুচ্চালিত মিনি উৎপাদন হবে চীনে

স্টাফ রিপোর্টার

জনপ্রিয় বিদ্যুচ্চালিত মিনি গাড়ি যুক্তরাজ্যে উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে বিএমডব্লিউ গ্রুপ। গাড়িটির উৎপাদন চীনে স্থানান্তরের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এটিকে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনে যুক্তরাজ্যের উচ্চাকাঙ্ক্ষাকে হুমকির মুখে ফেলেছে। খবর দ্য গার্ডিয়ান।

অক্সফোর্ড শহরে বিএমডব্লিউর কাউলি কারখানায় বর্তমানে প্রতি বছর ৪০ হাজার বিদ্যুচ্চালিত মিনি তৈরি করে। সম্প্রতি টাইমস পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে নিশ্চিত করা হয়েছে যে, ২০২৪ সাল থেকে অক্সফোর্ডে বিএমডব্লিউর মিনি উৎপাদন বন্ধ করা হবে। এর আগে ২০১৬ সালে হোন্ডা ব্রিটেন থেকে উৎপাদন কার্যক্রম গুটিয়ে নিয়েছিল। এ পদক্ষেপ ইভি উৎপাদনে নেতৃত্ব দিতে যুক্তরাজ্যের উচ্চাকাঙ্ক্ষায় আরো একটি ধাক্কা।

বিশ্লেষকদের মতে, বিএমডব্লিউ ইউরোপের বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে অবস্থান শক্তপোক্ত করতে অক্সফোর্ডের কারখানাটি গ্রেট ওয়ালের কাছে বিক্রি করতে চায়। তাদের এমন পদক্ষেপ বাস্তবায়ন হলে চীনা প্রতিষ্ঠানটি ইউরোপে নিজস্ব উৎপাদন কার্যক্রম বাড়াতে পারবে।

গ্রেট ওয়াল মোটরের সঙ্গে বিএমডব্লিউর যৌথ উদ্যোগে সংস্থাটির হ্যাচব্যাক ও ছোট এসইউভি মডেলগুলোর বিদ্যুচ্চালিত সংস্করণ এখন পূর্ব চীনে তৈরি হবে। এছাড়া বিএমডব্লিউ নিশ্চিত করেছে যে, জার্মানির লিপজিগের কারখানায় দ্য কান্ট্রিম্যান নামের মিনি মডেলের বৃহত্তম বিদ্যুচ্চালিত সংস্করণ উৎপাদন করবে। বিএমডব্লিউ গ্রুপের মিনি ব্র্যান্ডের প্রধান স্টেফানি ওয়ার্স্ট বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৫ সালের মধ্যে গাড়িটি যুক্তরাজ্যের বাজারে আসবে। তবে যুক্তরাষ্ট্র, জাপান ও মধ্যপ্রাচ্যের মতো বাজারে রফতানির জন্য তিন দরজা, পাঁচ দরজা এবং রূপান্তরযোগ্য আকৃতির পেট্রল মিনি কুপার্স ২০৩০ সাল পর্যন্ত অক্সফোর্ডের কারখানায় উৎপাদন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *