প্রেফারেন্স শেয়ার ছেড়ে ২৫০ কোটি তুলবে রানার অটোমোবাইলস

স্টাফ রিপোর্টার

শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস প্রেফারেন্স শেয়ার ইস্যু করে ২৫০ কোটি টাকার উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কোম্পানিটি অনুমোদিত মূলধন দ্বিগুণ করবে। পরিচালনা পর্ষদ সভায় এ সব সিদ্ধান্ত নিয়েছে রানার অটোমোবাইলস।

রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন রয়েছে ২০০ কোটি টাকা। এই মূলধন বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। এই লক্ষ্যে আগামী ৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএমের স্থান পরে জানাবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) এবং প্রযোজ্য অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেবে কোম্পানিটি।

 

কোম্পানিটির ২৫০ কোটি টাকার কিউমুলেটিভ ও নন-পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবও অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। এসব প্রেফারেন্স শেয়ারে ৫০ শতাংশ রূপান্তরযোগ্য সুবিধা থাকবে। তবে প্রেফারেন্স শেয়ার ইস্যুর জন্য প্রয়োজনীয় আইনগত ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।
অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার পাশাপাশি নতুন করে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি মূলধন কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগও নিয়েছে রানার অটোমোবাইলস। এরই অংশ হিসেবে বিওয়াইডির সঙ্গে কারিগরি চুক্তি স্বাক্ষর এবং সম্পূর্ণ তৈরি গাড়ি আমদানি ও সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *