প্রত্যেক নাগরিক যেন অর্থনীতির সুফল পায় সেদিকে মনোযোগ দিতে হবে
নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেকদিন পর দেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার পথে আছি। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি সংসদ সদস্য নির্বাচিত করেছেন। নির্বাচিত সংসদ ও সরকার পেয়েছে। এটাকে ধরে রাখতে হবে এবং আরও শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জনগণের উদ্দেশ্যে এ কথা বলেন।
আমীর খসরু আরও বলেন, রাজনীতিকে গণতান্ত্রয়ন করার সঙ্গে সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যাতে সাধারণ মানুষ অংশগ্রহণ করার সুযোগ পায়। পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কাছে অর্থনৈতিক কার্যক্রম তুলে ধরতে হবে যাতে তারা অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটি নাগরিক যেন বাংলাদেশের অর্থনীতির সুফল পায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে।
বিরোধীদলের কাছে তার প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, যে কোনো গণতান্ত্রিক দেশে বিরোধীদলের ভূমিকা আমরা জানি। আশা করি রাজনৈতিক সঠিক সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিরোধীদল সেভাবে ভূমিকা পালন করবে।
