প্রতি ইউনিট এলএনজি ২৪.৬৩ ডলারে কিনবে সরকার

স্টাফ রিপোর্টার

আরও চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। এবার দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে এক কার্গোর প্রতি এমএমবিটিইউর (মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) দাম পড়বে ২৪ দশমিক ৬৩ মার্কিন ডলার।

এমএমবিটিইউ মূলত প্রাকৃতিক গ্যাস ও জ্বালানির শক্তির পরিমাণ মাপার একটি একক। ১ এমএমবিটিইউ সমান ১০ লাখ বিটিইউ ।

গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলারে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়। অথচ গত বছরের ডিসেম্বরে প্রতি এমএমবিটিইউ ১০ দশমিক ৫০ ডলারেরও কম দামে এলএনজি কিনেছিল সরকার। ফলে কয়েক মাসের ব্যবধানে এলএনজির দাম বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী- পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি ৩-এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, আগামী ১৩ থেকে ১৪ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৪৬তম কার্গো এলএনজি সরবরাহ করবে পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন। এ কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।

অন্যদিকে, ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৪৭তম কার্গো এলএনজি সরবরাহ করবে টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড, যুক্তরাজ্য। এ কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *