পোশাক শ্রমিকের নিম্নতম মোট মজুরি ৮ হাজার টাকা চূড়ান্ত
পোশাক শ্রমিকের নিম্নতম মোট মজুরি ৮ হাজার টাকা চূড়ান্ত করেছে সরকার। নিম্নতম মজুরি বোর্ডের সুপারিশকৃত খসড়া কাঠামো চূড়ান্ত করে গত রোববার প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পোশাক শ্রমিকদের নিম্নতম গ্রেডে ৪ হাজার ১০০ টাকা মূল মজুরি ধরে নিম্নতম মোট মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মূল মজুরির বাইরে শ্রমিকরা বাড়ি ভাড়া হিসেবে ২ হাজার ৫০ টাকা, চিকিৎসা ভাতা হিসেবে ৬০০ টাকা, যাতায়াত ভাতা হিসেবে ৩৫০ টাকা ও খাদ্য ভাতা হিসেবে ৯০০ টাকা পাবেন।
সব মিলিয়ে নিম্নতম গ্রেডের শ্রমিকরা মজুরি পাবেন ৮ হাজার টাকা। ২০১৩ সালে নির্ধারিত নিম্নতম মোট মজুরি ৫ হাজার ৩০০ টাকার চেয়ে তা ৫১ শতাংশ বেশি। নতুন কাঠামোয় শিক্ষানবিশ শ্রমিকের মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৭৫ টাকা।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ হাজার ৪৩৬ টাকা মূল মজুরি ধরে গ্রেড ১-এর শ্রমিকদের মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৫০৪ টাকা। গ্রেড ২-এর শ্রমিকদের ক্ষেত্রে মূল মজুরি ৮ হাজার ৫১৪ টাকা আর মোট মজুরি ১৪ হাজার ৬২১ টাকা। ৫ হাজার ১৫২ টাকা মূল মজুরি হিসেবে গ্রেড ৩-এর শ্রমিকরা মোট মজুরি পাবেন ৯ হাজার ৫৭৮ টাকা।
৪ হাজার ৯৩০ টাকা মূল মজুরি ধরে গ্রেড ৪-এর শ্রমিকদের মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ২৪৫ টাকা। এছাড়া ৪ হাজার ৬৭০ টাকা মূল মজুরি ধরে গ্রেড ৫-এর শ্রমিকদের মোট মজুরি ৮ হাজার ৮৫৫ টাকা এবং ৪ হাজার ৩৬৬ টাকা মূল মজুরি ধরে গ্রেড ৬-এর শ্রমিকদের মোট মজুরি ৮ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
শ্রমঘন পোশাক খাতের মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসে চলতি বছরের ১৪ জানুয়ারি। বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় ১৯ মার্চ। ওই সভায় মালিক ও শ্রমিক উভয় পক্ষকে দ্বিতীয় সভার আগেই নতুন মজুরি কাঠামোর প্রস্তাবনা জমা দিতে বলা হয়।
প্রথম সভার সাড়ে তিন মাস পর ৮ জুলাই অনুষ্ঠিত হয় দ্বিতীয় সভা। ওই সভায় শ্রমিক ও মালিক উভয় পক্ষ নতুন কাঠামো নিয়ে প্রস্তাবনা জমা দিতে অপারগতা প্রকাশ করে। এ অবস্থায় ১৬ জুলাইয়ের মধ্যে প্রস্তাবনা জমা দেয়ার নতুন সময়সীমা নির্ধারণ করে মজুরি বোর্ড।
১৬ জুলাই বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ নতুন কাঠামোয় নিম্নতম মজুরি প্রস্তাব করে ৬ হাজার ৩৬০ টাকা। আর শ্রমিকপক্ষের প্রস্তাব ছিল ১২ হাজার ২০ টাকা। চতুর্থ সভায় দুই পক্ষের প্রস্তাবনার ফারাক কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উভয় পক্ষের সম্মতিতে ১২ সেপ্টেম্বর পঞ্চম সভার তারিখ নির্ধারণ হলেও পরে তা বাতিল হয়।
একদিন পর গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের পঞ্চম সভা শেষে সর্বসম্মত সিদ্ধান্ত ঘোষণা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে পোশাক শ্রমিকদের নিম্নতম মোট মজুরি নির্ধারণ করা হয় ৮ হাজার টাকা।
প্রসঙ্গত, পোশাক খাতে নিম্নতম মোট মজুরি ১৯৯৬ সালে ছিল ৯৩০ টাকা। ২০০৬ সালে তা হয় ১ হাজার ৬৬২ টাকা। এরপর ২০১০ সালে নিম্নতম মোট মজুরি ৩ হাজার ও ২০১৩ সালে ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়।
