পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

স্টাফ রিপোর্টার

গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়।

নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য এ সভা আহ্বান করা হয়েছিল।

সভাটি ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে অবস্থিত শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শিগগির সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা হয়। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা নিম্নতম মজুরি প্রস্তাব করেছে। অন্যদিকে, মালিকপক্ষকে চারদিন সময় দেওয়া হয়েছে এবং তারা ১৫ নভেম্বর জমা দিবেন বলে জানিয়েছেন।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়েছিল। তবে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এবার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *