নিলামে ২.৮% কমেছে দুগ্ধপণ্যের মূল্যসূচক

স্টাফ রিপোর্টার

গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ নিলামে দুগ্ধপণ্যের দাম ২ দশমিক ৮ শতাংশ কমেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা এবং চীনের বাজারে নিম্নমুখী চাহিদার কারণে গত দুই নিলামেই মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

নিউজিল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম স্টাফের এক প্রতিবেদনে বলা হয়, দাম কমে যাওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছেন খামারিরা। দাম কমে যাওয়াকে হতাশাজনক বলে মনে করলেও এতে বিস্মিত হননি তারা। তবে খমারিরা বলছেন, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির মধ্যে অব্যাহত দাম কমে যাওয়া খাতটিকে চাপের মুখে ফেলছে। এরই মধ্যে উৎপাদন ব্যয়ের জোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা।

এ আসরে প্রতি টন দুগ্ধপণ্যের মূল্যসূচক স্থির হয়েছে ৩ হাজার ৩৬৫ ডলারে। নিলামে সর্বোচ্চ ৩৫ হাজার ৮৬০ টন সরবরাহ করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ৩৩ হাজার ৪৭৮ টন। আগের নিলামের তুলনায় বিক্রি ১৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো মূল্যসূচকে পতন দেখা দিয়েছে। এর আগে বিদায়ী বছরের শেষ নিলামে দুগ্ধপণ্যের গড় দাম ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল।

এবারের নিলামে ১৩৩ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান অংশ নেয়। ১৮ রাউন্ডের নিলামে বিজয়ী হয়েছে ১১৪ জন। এবার ননিযুক্ত গুঁড়ো দুধের (ডব্লিউএমপি) গড় দাম আগের নিলামের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি টন বিক্রি হয়েছে ৩ হাজার ২৪৬ ডলার। ননিবিহীন গুঁড়ো দুধের দামও (এসএমপি) ১ দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি টন লেনদেন হয়েছে ২ হাজার ৮৩৮ ডলারে। এছাড়া অ্যান্ডহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম ৫ দশমিক ১ শতাংশ কমে টনপ্রতি ৫ হাজার ৩৯৫ ডলারে, ল্যাকটোজের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ১৭৮ ডলারে ও মাখনযুক্ত গুঁড়ো দুধের দাম ১২ দশমিক ৯ শতাংশ কমে ২ হাজার ৫৫৬ ডলারে বিক্রি হয়েছে। মাখনের জিডিটি মূল্যসূচক ২ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি টনের দাম নেমেছে ৪ হাজার ৬৯০ ডলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *