চালু হলো বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড

স্টাফ রিপোর্টার

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে চালু হয়েছে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড। এ উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের ওপর সেরা রিপোর্টের জন্য প্রিন্ট, অনলাইন, টেলিভিশন- এই তিন ক্যাটাগরিতে সাত সাংবাদিককে পুরস্কৃত করা হবে।

দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের শীর্ষ প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ এ পুরস্কারটি প্রবর্তন করেছে। রোববার (১৬ নভেম্বর) থেকে সাংবাদিকরা এ পুরস্কারের জন্য অনলাইনে প্রতিবেদন জমা দিতে পারছেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ডের ঘোষণা দেওয়া হয়।

আয়োজকরা জানিয়েছেন, ১৬ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তিন সদস্যের জুরি বোর্ডর মূল্যায়নের মাধ্যমে সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হবে। সংশ্লিষ্ট সাংবাদিকরা অনলাইনে agromediaaward.com ওয়েবসাইটের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে পারবেন। কোনো হার্ড কপি বা সরাসরি জমা দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া কোনো একটি প্রতিবেদন অনলাইন ও প্রিন্ট- দুটি মিডিয়াতেই প্রকাশিত হলে যে কোনো একটি ক্যাটাগরিতে জমা দিতে হবে।

মঙ্গলবার রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল ও প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদুজ্জামান

আধুনিক কৃষি ও বাজারজাতকরণের টেকসই ব্যবস্থা, মানসম্মত কৃষিপণ্য উৎপাদন ও সমন্বিত কৃষিব্যবস্থা, কৃষি ও কৃষকদের উন্নয়নে অ্যাগ্রো প্রসেসিং খাতের প্রসার, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের অগ্রগতি, উদ্ভাবন, সমস্যা ও সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান, কৃষি প্রক্রিয়াজাত খাতের সরবরাহ ব্যবস্থা, এ খাতের রপ্তানি, সমস্যা ও সম্ভাবনাসহ কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনগুলো এ উদ্যোগের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হলো কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত। এ উদ্যোগটি প্রাণ গ্রুপের ধারাবাহিক প্রচেষ্টার অংশ যার লক্ষ্য তথ্যভিত্তিক সাংবাদিকতা উৎসাহিত করা এবং সাংবাদিকদের বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো অন্বেষণে অনুপ্রাণিত করা। এ ধরনের উদ্যোগ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদুজ্জামান বলেন, ‘জাতীয় উন্নয়নের অংশ হিসেবে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতকে এগিয়ে নিতে প্রাণ গ্রুপ সবসময় কাজ করে যাচ্ছে। এই উদ্যোগটি গণমাধ্যমের সঙ্গে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের সংযোগ আরও জোরদার করবে, যা দেশের সার্বিক অগ্রগতির জন্য অত্যন্ত প্রয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *