চট্টগ্রামে ওয়ালটন প্লাজার জব ফেয়ার উদ্বোধন, চাকরিপ্রত্যাশীদের ভিড়
চট্টগ্রামে চাকরিপ্রত্যাশীদের জন্য দুই দিনব্যাপী জব ফেয়ারের আয়োজন করেছে ওয়ালটন প্লাজা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) ক্যাম্পাসে শুরু হওয়া এ জব ফেয়ারে চট্টগ্রাম মহানগর, জেলার বিভিন্ন উপজেলা এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে শত শত চাকরিপ্রত্যাশী অংশ নেন। সরাসরি সিভি জমা দেওয়া, সাক্ষাৎকারে অংশ নেওয়া এবং যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ পাওয়ার আশায় সকাল থেকেই ভিড় করেন তারা।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে জব ফেয়ারের উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জাহিদ হোসাইন শরিফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার হেড অব এইচআর ফয়সাল ওয়াহিদ, হেড অব ক্রেডিট ওয়াহিদুজ্জামান তানভীর, ওয়ালটন প্লাজার এইচআর ভিপি মোস্তফা কামাল পাশা, চিফ ডিভিশনাল অফিসার ইমরোজ হায়দার খান এবং ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোমেনুল হক। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের ওয়ালটন প্লাজার বিভিন্ন অঞ্চলের এরিয়া ম্যানেজার ও বিভিন্ন প্লাজার ব্যবস্থাপকরাও উপস্থিত ছিলেন।
জব ফেয়ারে মোট পাঁচটি পদে সরাসরি নিয়োগের জন্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। পদগুলো হলো- ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, সেলস অ্যাসোসিয়েট ও অফিস সহকারী। ওয়ালটনের কর্মকর্তারা ১০টি ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন। চাকরি প্রত্যাশিরা স্বতস্ফুর্তভাবে সিভিসহ সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। ইন্টারভিউতে চাকরিপ্রত্যাশীদের অনেকেই ইয়েসকার্ড পেয়ে নিজেদের উৎফুল্লতা প্রকাশ করছেন।
জব ফেয়ারে অংশ নেওয়া জাহিদ হোসেন, তাসনিয়া নুসরাত, হিমি চাকমা ও মাহমুদ হোসেনসহ অনেক চাকরিপ্রত্যাশী বলেন, চাকরির জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে সিভি জমা দিয়ে সাক্ষাৎকারের অপেক্ষায় থাকি। কিন্তু এবার ওয়ালটনের মতো একটি বৃহৎ দেশীয় শিল্পগোষ্ঠী নিজেরাই চাকরির সুযোগ নিয়ে আমাদের কাছে এসেছে। এটি আমাদের জন্য বড় পাওয়া।
অংশগ্রহণকারীরা জানান, জব ফেয়ারে একই জায়গায় সিভি জমা দেওয়ার পাশাপাশি সরাসরি ইন্টারভিউতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। এতে চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করা তরুণ-তরুণীদের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হচ্ছে। এই জব ফেয়ারের মাধ্যমে অনেক বেকার তরুণ-তরুণী কর্মসংস্থান খুঁজে পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
ইন্টারভিউ শেষে ‘ইয়েস কার্ড’ পাওয়া অনেক চাকরিপ্রত্যাশীও আশাবাদ ব্যক্ত করেন। ওয়ালটনের মতো বড় দেশীয় শিল্প প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সুযোগ তাদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। এখানে চাকরি পাওয়া তাদের জীবনের অন্যতম বড় সাফল্য হয়ে উঠতে পারে।
ওয়ালটন প্লাজার হেড অব এইচআর ফয়সাল ওয়াহিদ বলেন, চট্টগ্রাম মহানগর ও জেলার পাশাপাশি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার চাকরিপ্রত্যাশী জব ফেয়ারে সিভি জমা দিয়েছেন এবং সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। বিভিন্ন ধাপে প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা যাচাই করে উপযুক্তদের সরাসরি নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, এ ধরনের জব ফেয়ারের মাধ্যমে চাকরিদাতা ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে যেসব তরুণ দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন, তাদের জন্য এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম।
ওয়ালটনের এই উদ্যোগ শুধু নিজেদের প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে দেশের তরুণদের জন্য বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের জন্য একাধিক পদ রাখায় নতুন গ্র্যাজুয়েট থেকে শুরু করে এইচএসসি ও এসএসসি পাস তরুণদেরও চাকরির বাজারে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে।
চট্টগ্রামে দুই দিনব্যাপী এই জব ফেয়ারকে ঘিরে চাকরিপ্রত্যাশীদের ব্যাপক উপস্থিতি স্থানীয় তরুণদের মধ্যে চাকরির সুযোগের প্রতি আগ্রহেরও প্রতিফলন ঘটিয়েছে। ওয়ালটন প্লাজার কর্মকর্তারা বলছেন, যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের নিয়োগের মাধ্যমে এই উদ্যোগ বাস্তব কর্মসংস্থানে রূপ নেবে।
