ইউক্রেনকে ন্যাটো-ধাঁচের নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি পুতিন

স্টাফ রিপোর্টার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার সামরিক ঘাঁটিতে হওয়া বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মতি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির (আর্টিকেল ৫) মতো নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে। এ তথ্য জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। খবর এপি।

রোববার সিএনএনে দেয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, ‘আমরা প্রথমবারের মতো রাশিয়ার কাছ থেকে এই সম্মতি শুনলাম। এটা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।‘

উইটকফ জানান, আলোচনায় যুক্তরাষ্ট্র ‘আর্টিকেল ৫-এর মতো সুরক্ষা’ দেয়ার সুযোগ পেয়েছে, যা ইউক্রেনের ন্যাটোতে যোগ দিতে চাওয়ার প্রধান কারণগুলোর একটি। যদিও এই নিরাপত্তা কাঠামো কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ ধরনের প্রস্তাবকে পুতিনের দীর্ঘদিনের ন্যাটো-বিরোধিতার বাইরে গিয়ে একটি বিকল্প সমাধান হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি সোমবার ওয়াশিংটনে ভলোদিমির জেলেনস্কি, ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের বৈঠকের আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এনবিসিকে জানান, এই সপ্তাহে আলোচনায় মূল বিষয় হবে নিরাপত্তা নিশ্চয়তার রূপরেখা নির্ধারণ করা। তিনি বলেন, ‘এটা কীভাবে গঠিত হবে, কী নামে ডাকা হবে, এর মধ্যে কার্যকর প্রতিশ্রুতি কীভাবে নিশ্চিত করা হবে—এসব নিয়েই আগামী দিনগুলোতে অংশীদারদের সঙ্গে আলোচনা হবে।‘

স্টিভ উইটকফ জানান, রাশিয়া একটি আইন প্রণয়ন করতে রাজি হয়েছে যেখানে ইউক্রেনের নতুন কোনো ভূখণ্ড দখল না করার নিশ্চয়তা থাকবে। পাশাপাশি তারা ইউরোপের কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না বলেও প্রতিশ্রুতি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *