অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা

স্টাফ রিপোর্টার

ইরানি হামলায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বাহরাইনে থাকা ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ডেটা সেন্টারে ড্রোন হামলার এই তথ্য বুধবার (১ এপ্রিল) জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

এর আগে একই দিনে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি কোম্পানির স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কর্তৃপক্ষ এটিকে ইরানি হামলা বলে উল্লেখ করেছে। তবে কোন কোম্পানির স্থাপনায় এই ঘটনা ঘটেছে, এতে কোনো হতাহতের ঘটনা আছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।

এই হামলার খবর প্রকাশের একদিন আগেই ইরানের বিপ্লবী গার্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। এর মধ্যে মাইক্রোসফট, গুগল ও অ্যাপেলের নামও উল্লেখ করা হয়। ইরানের ওপর হামলার প্রতিশোধ হিসেবে এই হুমকি দেওয়া হয়েছিল।

প্রতিবেদনটি নিয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যামাজন।

গত সপ্তাহে অ্যামাজন জানিয়েছিল, চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বাহরাইনে তাদের ক্লাউড সেবা অঞ্চলে বিঘ্ন ঘটেছে। এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বার, যখন যুদ্ধের প্রভাবে তাদের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলো।

প্রতিষ্ঠানটির ক্লাউড কম্পিউটিং ইউনিটটি বহু পরিচিত ওয়েবসাইট ও বিভিন্ন সরকারি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি কোম্পানিটির প্রধান মুনাফার উৎস হিসেবেও বিবেচিত।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *