ওয়ালটন ডিজি-টেকের অনুকূলে শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব ইস্যু করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

২৪ নভেম্বর কোম্পানিটিকে নতুন শেয়ার ইস্যু করার বিষয়ে সম্মতিপত্র দিয়েছে বিএসইসি। তথ্য অনুসারে, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে অধিগ্রহণের অংশ হিসেবে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের নামে ১০ টাকা অভিহিত মূল্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু করা হবে। হাইকোর্টের সম্মতি ও বিএসইসির অনুমতি সাপেক্ষে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে অধিগ্রহণ করছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

এছাড়া লেবাননের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছরের গ্লোবাল ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি এবং ইয়েমেনের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ওয়ালটন। কোম্পানির তথ্যমতে, লেবাননের আইন অনুযায়ী নিবন্ধিত এবং বৈরুতে কার্যালয় থাকা প্রতিষ্ঠান ফ্রিগো পাওয়ার ফর জেনারেল ট্রেডিংয়ের সঙ্গে ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি হয়েছে। চুক্তির আওতায় ফ্রিগো পাওয়ারকে লেবাননে ওয়ালটন পণ্যের অনুমোদিত পরিবেশক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি লেবাননের বাজারে ওয়ালটনের পণ্য বিক্রি, বিতরণ ও বিপণনের দায়িত্ব পালন করবে। চুক্তির মেয়াদ হবে পাঁচ বছর।

এছাড়া ইয়েমেনের এডেনে নিবন্ধিত মোহাম্মদ আবদুল্লাহ আল-ইজ্জি ফর ইমপোর্টের সঙ্গেও একটি সমঝোতা স্মারক সই করেছে ওয়ালটন। কোম্পানির তথ্যমতে, দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক ও পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি নিরবচ্ছিন্ন পণ্য ক্রয়, বিপণন, মানসম্মত গ্রাহকসেবা ও পণ্যের প্রচারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১ টাকা ১১ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৭৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ টাকা ৭৮ পয়সা।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩৬৬ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২ হাজার ২৪৪ কোটি ৬৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৬ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ২৯৪। এর ৭১ দশমিক শূন্য ৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৯৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *