ওসাইরিস গ্রুপের ইডটকো অধিগ্রহণ: পর্দার আড়ালে কী, সামনে আসছে না পুরো চিত্র

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো খাতে বড় ধরনের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। মালয়েশিয়ার প্রতিষ্ঠান ইডটকো গ্রুপের পাঁচ দেশের টাওয়ার ব্যবসা বিক্রির জন্য অস্ট্রেলীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ম্যাককুয়ারি অ্যাসেট ম্যানেজমেন্টের (এমএএম) নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলারের এন্টারপ্রাইজ ভ্যালুতে বাধ্যতামূলক চুক্তি করেছে। এ লেনদেনের আওতায় বাংলাদেশের ব্যবসার ৭০ শতাংশ এবং পাকিস্তানের পুরো ব্যবসা অধিগ্রহণ করছে বিনিয়োগ প্রতিষ্ঠান দ্য ওসাইরিস গ্রুপ। বাংলাদেশে এ অধিগ্রহণের সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে ৬০ কোটি ডলারে। এর মাধ্যমে দুই দেশে প্রায় ২০ হাজার টাওয়ারের ব্যবসায় যুক্ত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ২০১৪ সালে প্রতিষ্ঠিত দ্য ওসাইরিস গ্রুপ ঢাকা ও হংকংয়ে কার্যালয় পরিচালনা করছে। তবে এত বড় অধিগ্রহণের পরও বাংলাদেশে গ্রুপটির ব্যবসার মূল্যায়ন, বিনিয়োগের অর্থের উৎস, মালিকানা ও অর্থায়ন কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি। একই সঙ্গে ওসাইরিসের তহবিল ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামো নিয়েও রয়েছে অস্পষ্টতা।

জানা যায়, ইডটকোর বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায় টাওয়ারের সংখ্যা যথাক্রমে প্রায় ১৭ হাজার ও ৩ হাজার। পাকিস্তানের ব্যবসার শতভাগ এবং বাংলাদেশের ৭০ শতাংশ শেয়ার অধিগ্রহণের ফলে দুই বাজারের প্রায় ২০ হাজার টাওয়ারের ব্যবসার মালিকানা ও ব্যবস্থাপনায় যুক্ত হবে ওসাইরিস। বাংলাদেশ ও পাকিস্তানের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ প্রয়োজনীয় শর্তাবলি পূরণের পর এ মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হবে বলে জানা গেছে। উল্লেখ্য, বাংলাদেশে অবশিষ্ট ৩০ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে গ্যাটকো গ্রুপের কাছে। আলোচ্য অধিগ্রহণে ওসাইরিসের নিজস্ব বিনিয়োগ কত এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কীভাবে নির্ধারিত হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

পাঁচ দেশে ইডটকোর ব্যবসার সম্মিলিত এন্টারপ্রাইজ ভ্যালু প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার হলেও এর মধ্যে বাংলাদেশের ব্যবসার মূল্য কত সেটি স্পষ্ট নয়। এন্টারপ্রাইজ ভ্যালু ও ইকুইটি ভ্যালুর মধ্যে পার্থক্য থাকায় ঘোষিত মোট মূল্য থেকে বাংলাদেশের ব্যবসার প্রকৃত শেয়ারমূল্য নির্ধারণের সুযোগ নেই। ফলে বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামোর এত বড় অংশের মালিকানা পরিবর্তনে প্রকৃত বিনিয়োগমূল্য, অর্থায়নের ধরন ও লেনদেনের বিস্তারিত কাঠামো এখনো অজানা।

এত বড় অধিগ্রহণের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অর্থের উৎস যাচাইয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। মালিকানা হস্তান্তরের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) অনুমোদন নিতে হবে। শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে বিক্রয়মূল্যের ওপর প্রযোজ্য কর পরিশোধের বাধ্যবাধকতাও রয়েছে। অন্যদিকে বিনিয়োগের অর্থের উৎসসহ লেনদেনের বিভিন্ন দিক যাচাইয়ের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।

বিটিআরসির কমিশনার (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) আবদুর রহমান সরদার বলেন, ‘মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে বিটিআরসির অনুমোদন নিতে হবে। শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে বিক্রয়মূল্যের ওপর প্রযোজ্য কর পরিশোধের বাধ্যবাধকতাও রয়েছে। এ ধরনের প্রস্তাব কমিশনের সংশ্লিষ্ট বিভাগ পর্যালোচনা করে সুপারিশসহ মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত করা সম্ভব হবে।’

সংশ্লিষ্টরা বলছেন, প্রাইভেট ইকুইটি বিনিয়োগের ক্ষেত্রে অর্থের উৎস যাচাইয়ের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে শেল কোম্পানির আড়ালে এমন তহবিলে বিনিয়োগ করা হয়। ফলে বিনিয়োগের অর্থ কোথা থেকে আসছে এবং সংশ্লিষ্ট লেনদেনের কাঠামো কী, তা যাচাই করা প্রয়োজন। বিদেশী বিনিয়োগের অর্থ বাংলাদেশে আনা এবং ভবিষ্যতে বিনিয়োগের মুনাফা বিদেশে প্রত্যাবাসনের ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান অনুসরণের বিষয় রয়েছে। এ ক্ষেত্রে অর্থের উৎস, স্থানান্তর এবং লেনদেনের বৈধতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ওসাইরিস গ্রুপের এ বিনিয়োগ প্রস্তাব এখনো বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য আসেনি। প্রস্তাবটি এলে অর্থের উৎসসহ লেনদেনের অন্যান্য প্রাসঙ্গিক বিষয় প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যাচাই করা হবে। সবকিছু পর্যালোচনার পর বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্য পাওয়া গেলে এবং বাংলাদেশ ব্যাংক সন্তুষ্ট হলে প্রয়োজনীয় অনুমোদন দেয়া হবে।’

ওসাইরিস গ্রুপের বিনিয়োগ কার্যক্রমের পরিধি বিবেচনায় নিলে এ অধিগ্রহণের তাৎপর্য অনেক বিস্তৃত। প্রতিষ্ঠানটি প্রাইভেট ইকুইটি বিনিয়োগ, পরামর্শক ও অ্যাডভাইজরি সেবা দিয়ে থাকে। ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, আর্থিক পরামর্শ এবং নীতিগত ঝুঁকি বিশ্লেষণ তাদের কার্যক্রমের আওতাভুক্ত। বাংলাদেশে পাঠাও, গোযায়ান, সাজগোজ, টালিখাতা, শিওরক্যাশ ও সোলারিকের মতো প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগ রয়েছে। ব্র্যাকের সঙ্গে যৌথভাবে রয়েছে ব্র্যাক ওসাইরিস ইমপ্যাক্ট ভেঞ্চারস। ফলে ইডটকো অধিগ্রহণকে শুধু টেলিকম টাওয়ার ব্যবসায় প্রবেশ নয়, বরং দেশের ডিজিটাল অবকাঠামো ও প্রযুক্তি খাতে ওসাইরিসের বিনিয়োগ সম্প্রসারণের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

দ্য ওসাইরিস গ্রুপ একটি ব্যক্তিমালিকানাধীন অংশীদারত্বভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায় এর অংশীদারদের মালিকানার অনুপাত ও শেয়ারহোল্ডিংয়ের বিস্তারিত জনসমক্ষে প্রকাশিত নয়। সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার জেসন বাজাজ প্রতিষ্ঠানটির বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছেন। চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক সোবহান। দ্য ওসাইরিস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন সাঈদ খান। তিনি এর আগে এটি ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) হিসেবে নিয়োগ পাওয়ার আগে তানভীর শাহরিয়ার গনি দি ওসাইরিস গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

অধিগ্রহণ বিষয়ে জানতে ওসাইরিস গ্রুপের চেয়ারম্যান ফারুক সোবহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লিখিত প্রশ্ন পাঠাতে বলেন। তার অনুরোধের ভিত্তিতে প্রশ্ন পাঠানো হলেও গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে মূল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অংশীদারদের মালিকানা এবং অধিগ্রহণে ব্যবহৃত তহবিলের বিনিয়োগকারীদের পরিচয় এক বিষয় নয়। এ ধরনের বড় লেনদেনের ক্ষেত্রে বিশেষায়িত প্রাইভেট ইকুইটি ফান্ডের মাধ্যমে অর্থায়ন করা হয়ে থাকে। ওসাইরিসের ক্ষেত্রেও ‘ওসাইরিস গ্রোথ ফান্ড ১’ তহবিলের মাধ্যমে বিনিয়োগ পরিচালিত হওয়ার তথ্য রয়েছে। কিন্তু ইডটকো অধিগ্রহণে কোন কোন বিনিয়োগকারী কত অর্থ দিচ্ছেন, তহবিলটির মোট আকার কত কিংবা এতে ওসাইরিসের নিজস্ব বিনিয়োগের পরিমাণ কত—এসব বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

ইডটকো অধিগ্রহণের পেছনে ওসাইরিসের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনার পাশাপাশি আন্তর্জাতিক কৌশলগত অংশীদারত্বও গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপের (টিএজি) সঙ্গে অংশীদারত্বে বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ করে ওসাইরিস। সাবেক মার্কিন কর্মকর্তা নিশা দেশাই বিসওয়ালের নেতৃত্বাধীন টিএজির সঙ্গে এ উদ্যোগের লক্ষ্য ছিল বিদেশী বিনিয়োগ আকর্ষণ, ভূরাজনৈতিক ঝুঁকি বিশ্লেষণ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে নীতিগত সহায়তা দেয়া। এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগ ও নীতিনির্ধারণী পর্যায়ে যোগাযোগের ক্ষেত্রেও ওসাইরিসের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে।

ইডটকোর মূল মালিক এশিয়ার টেলিযোগাযোগ খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ। ঋণ কমানো ও ব্যালান্স শিট শক্তিশালী করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ইডটকোর বিভিন্ন বাজারের ব্যবসা বিক্রি করছে আজিয়াটা। পাঁচ দেশের ব্যবসা বিক্রির সম্মিলিত এন্টারপ্রাইজ ভ্যালু প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার হলেও পুরো অর্থ তাদের হাতে যাবে না। ইডটকোতে আজিয়াটার নিজস্ব মালিকানা প্রায় ৬৩ শতাংশ। পাশাপাশি ব্যবসাটির বিদ্যমান ঋণের দায় ও অন্য অংশীদারের স্বার্থ রয়েছে। আজিয়াটা সূত্রে জানা গেছে, এ লেনদেন থেকে তাদের সম্ভাব্য নগদ প্রাপ্তি প্রায় ৫৩ কোটি ৪৪ লাখ ডলার। এ অর্থ মূলত ঋণের বোঝা কমাতে এবং আর্থিক সক্ষমতা বাড়াতে ব্যয় করা হবে।

আজিয়াটা গ্রুপের শেয়ারহোল্ডিং-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডে মালয়েশিয়াভিত্তিক ইডটকো গ্রুপ এসডিএন বিএইচডির ৩৪ দশমিক ৩০ শতাংশ এবং ইডটকো ইনভেস্টমেন্টস (লাবুয়ান) লিমিটেডের ৩৫ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে। অর্থাৎ এ দুই প্রতিষ্ঠানের সম্মিলিত মালিকানা ৭০ শতাংশ। অধিগ্রহণের ঘোষণায় ওসাইরিস গ্রুপ ইডটকো বাংলাদেশের ৭০ শতাংশ শেয়ার কিনবে বলা হলেও এ দুই প্রতিষ্ঠানের কাছ থেকেই সরাসরি শেয়ার কেনা হবে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইডটকোর পাঁচ দেশের ব্যবসা বিক্রির চুক্তিতে প্রতিটি বাজারের জন্য আলাদা ক্রেতা রয়েছে। ফিলিপাইনের ব্যবসা কিনছে ম্যাককুয়ারি এশিয়া-প্যাসিফিক ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ৪। ইন্দোনেশিয়ার ব্যবসার শতভাগ শেয়ার নিচ্ছে পিটি টাওয়ার বেরসামা ইনফ্রাস্ট্রাকচার, যা সারাতোগা গ্রুপের সঙ্গে যুক্ত। কম্বোডিয়ার ব্যবসা অধিগ্রহণে সম্মত হয়েছে ওসিকে গ্রুপ। বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসা যাচ্ছে ওসাইরিসের হাতে। লেনদেনগুলো সম্পন্ন করতে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। ম্যাককুয়ারির প্রত্যাশা, ২০২৭ সালে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে বাংলাদেশে ওসাইরিসের বিনিয়োগ কার্যক্রমের ধরন ও তহবিল ব্যবস্থাপনার নিয়ন্ত্রক কাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে। প্রতিষ্ঠানটি প্রাইভেট ইকুইটি বিনিয়োগ ও পরামর্শক কার্যক্রম পরিচালনা করলেও বাংলাদেশে বিকল্প বিনিয়োগ তহবিল পরিচালনার ক্ষেত্রে বিএসইসির বিকল্প বিনিয়োগ তহবিল বিধিমালা, ২০১৫ প্রযোজ্য। এ বিধিমালায় প্রাইভেট ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটাল, ইমপ্যাক্ট ফান্ডসহ কমিশন ঘোষিত বিকল্প বিনিয়োগ তহবিলের নিবন্ধনের বিধান রয়েছে। বাংলাদেশে এ ধরনের তহবিল পরিচালনাকারী দেশী-বিদেশী তহবিল ব্যবস্থাপকদের ক্ষেত্রে বিধিমালার আওতায় নিবন্ধনের বিষয়টি বাধ্যতামূলক। তবে কোনো ফান্ড ম্যানেজার জনসাধারণের কাছ থেকে সাবস্ক্রিপশনের মাধ্যমে অর্থ সংগ্রহ না করে নিজস্ব তহবিল কিংবা বিদেশী বিনিয়োগকারীদের অর্থ দিয়ে বিনিয়োগ করলে সেক্ষেত্রে বিএসইসির নিবন্ধনের বাধ্যবাধকতা নেই। ফলে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অর্থে পরিচালিত কিছু প্রাইভেট ইকুইটি ও বিকল্প বিনিয়োগ তহবিলের কার্যক্রম প্রচলিত নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আসার ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা রয়েছে।

অবশ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ফান্ড ম্যানেজার হিসেবে নিবন্ধন না থাকলেও যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) তথ্য অনুযায়ী, বাংলাদেশে ওসাইরিস ফান্ড (বিডি) প্রাইভেট লিমিটেড এবং ব্র্যাক ওসাইরিস ইমপ্যাক্ট ভেঞ্চারস লিমিটেড নামে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট দুটি প্রাইভেট কোম্পানি নিবন্ধিত রয়েছে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের বিনিয়োগের সঙ্গে জনস্বার্থ সংশ্লিষ্ট, সেসব ক্ষেত্রে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) কিংবা অন্য যেকোনো ধরনের বিনিয়োগের জন্য একটি অনুমোদন কাঠামো থাকা প্রয়োজন। বিশেষ করে কোনো ফান্ড বাংলাদেশে পরিচালিত হলে এবং সেই ফান্ড বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে সংশ্লিষ্ট বিনিয়োগ ও সিকিউরিটিজ ইস্যুর ক্ষেত্রে যথাযথ অনুমোদন থাকা জরুরি।’

তিনি আরো বলেন, ‘ফান্ড যেসব বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে, তাদের স্বার্থ সুরক্ষার জন্যও একটি নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আসা প্রয়োজন। এ ধরনের বিকল্প বিনিয়োগ তহবিল বিএসইসির বিকল্প বিনিয়োগ তহবিল বিধিমালা, ২০১৫ অনুযায়ী নিবন্ধিত হলে বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে ফান্ড যে পোর্টফোলিও কোম্পানিতে বিনিয়োগ করছে, সেই কোম্পানির সিকিউরিটিজ ইস্যুর ক্ষেত্রেও যথাযথ অনুমোদন থাকা দরকার। এতে ফান্ডের বিনিয়োগকারী এবং ফান্ডের মাধ্যমে বিনিয়োগ পাওয়া প্রতিষ্ঠান—উভয় পক্ষের স্বার্থ সুরক্ষিত থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো বিনিয়োগ কার্যক্রম একটি নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে এলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।

এ ধরনের অধিগ্রহণে অনেক সময় মূল কোম্পানির পেছনে থাকা চূড়ান্ত মালিকানার হাতবদল ঘটে। সে ক্ষেত্রে বাংলাদেশের নিবন্ধিত কোম্পানির সরাসরি শেয়ারহোল্ডার অপরিবর্তিত রেখেও বিদেশে অবস্থিত হোল্ডিং কোম্পানির মালিকানা পরিবর্তন করা সম্ভব। ইডটকো বাংলাদেশের ক্ষেত্রেও এমন কোনো কাঠামো ব্যবহার করা হচ্ছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। ফলে অধিগ্রহণের লেনদেনটি সরাসরি বাংলাদেশের কোম্পানির শেয়ার হস্তান্তরের মাধ্যমে সম্পন্ন হবে, নাকি এর ওপরের স্তরের কোনো বিদেশী হোল্ডিং কোম্পানির মালিকানা পরিবর্তনের মাধ্যমে হবে তা এখনো অস্পষ্ট।

ব্রামার্স অ্যান্ড পার্টনার্স (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুয়াল্লেম এ চৌধুরী বলেন, ‘ইডটকোর বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসা অধিগ্রহণ প্রাইভেট ইকুইটি খাতের জন্য বড় একটি লেনদেন। এ ধরনের চুক্তির আলোচনা ও দরকষাকষি দীর্ঘ সময় ধরে চলে। মূল্যায়ন, অর্থ পরিশোধের শর্তসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত হওয়ার পর প্রাথমিক ঘোষণা দেয়া হলেও সব আর্থিক ও বাণিজ্যিক শর্ত তখনই প্রকাশ করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে চুক্তিতে গোপনীয়তার শর্ত থাকে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য জানানো হলেও সব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয় না। বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বিনিয়োগকারীদের প্রবেশ ও প্রস্থান-সুবিধা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।’

ইডটকোর বাংলাদেশী ব্যবসার মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে অফশোর হোল্ডিং কোম্পানির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে উল্লেখ করে মুয়াল্লেম এ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ব্যবসাটির মালিকানা যদি সরাসরি কোনো বিদেশী কোম্পানির হাতে থাকে এবং ক্রেতা সেই কোম্পানির শেয়ার অধিগ্রহণ করে, তাহলে লেনদেনটি বাংলাদেশের বাইরে সম্পন্ন হওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশের নিবন্ধিত কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে একই বিদেশী কোম্পানি বহাল থাকলেও এর পেছনের চূড়ান্ত মালিকানা পরিবর্তিত হতে পারে। এ ধরনের কাঠামোয় লেনদেনের অর্থও বাংলাদেশের বাইরে স্থানান্তরিত হতে পারে। ফলে লেনদেনের ধরন ও মালিকানা কাঠামোর ওপর নির্ভর করে বাংলাদেশে অর্থ আসা কিংবা স্থানীয় পর্যায়ে অনুমোদনের প্রয়োজনীয়তার বিষয়টি ভিন্ন হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *