কিস্তি মওকুফসহ মৃত ক্রেতার পরিবারকে ওয়ালটনের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার

মাত্র ৭ হাজার ৩০০ টাকা জমা দিয়ে ওয়ালটন থেকে ৪২ হাজার ২৫৪ টাকা মূল্যের ফ্রিজ কিনেছিলেন আল মামুন। ২ হাজার ৫০০ টাকা করে পরিশোধ করেন একে একে ৫ কিস্তি। কিন্তু ষষ্ঠ কিস্তি দেওয়ার আগেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এমন পরিস্থিতিতে বকেয়া কিস্তির টাকা আদায় না করে বরং মৃত ক্রেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন। মওকুফ করা হয়েছে বাকি কিস্তির টাকা। পাশাপাশি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ২৭ হাজার ৪৬ টাকা।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ঝালেংগিগছ এলাকায় মৃত ক্রেতার বাড়ির উঠানে আনুষ্ঠানিকভাবে তার স্ত্রী আখিবা জান্নাতের হাতে নগদ অর্থ তুলে দেন ওয়ালটনের দিনাজপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার রেজাউল করিম।

 

আল মামুন ওই এলাকার নইমুল হকের ছেলে। চলতি বছরের ১৩ মে পুরাতন পঞ্চগড় ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে ফ্রিজটি কিনেছিলেন তিনি। কেনার সময় ৭ হাজার ৩০০ টাকা জমা দেওয়ার পাশাপাশি পরবর্তীতে ৫ কিস্তিতে মোট ২২ হাজার ৯৫৪ টাকা পরিশোধ করেন। তবে পরবর্তী কিস্তি দেওয়ার আগেই গত ৫ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মৃত আল মামুনের স্ত্রী আখিবা জান্নাত বলেন, “গত ৫ নভেম্বর আমার স্বামী মারা যান। তখন ফ্রিজের কিস্তি চলমান ছিল। কিন্তু স্বামীর মৃত্যুর পর বাকি কিস্তির টাকা আমাকে পরিশোধ করতে হয়নি। ওয়ালটন কর্তৃপক্ষ আমাদের খোঁজখবর নিয়েছে এবং পাশে দাঁড়িয়েছে। আজ তাদের পক্ষ থেকে আর্থিক সুবিধাও পেলাম। এ জন্য ওয়ালটনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

 

মৃত আল মামুনের স্বজন শেখ ফরিদ বলেন, “আল মামুনের মৃত্যুর পর পরিবারটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। এমন সময়ে ওয়ালটন যে বকেয়া কিস্তি মওকুফ করে আর্থিক সহযোগিতা করেছে, তা পরিবারের জন্য অনেক বড় সহায়তা। একটি প্রতিষ্ঠান শুধু পণ্য বিক্রি নয়, ক্রেতার বিপদেও পাশে দাঁড়াতে পারে, ওয়ালটন সেটি দেখিয়েছে।”

 

ওয়ালটনের দিনাজপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার রেজাউল করিম বলেন, “ওয়ালটনের কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির আওতায় মৃত ক্রেতার বাকি কিস্তি মওকুফের পাশাপাশি তার পরিবারকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এটি কোনো সহায়তা বা অনুদান নয়। ওয়ালটন মনে করে, দেশের মানুষের কাছে পণ্য বিক্রি করেই প্রতিষ্ঠানটি আজ এত বড় হয়েছে। তাই দেশের মানুষের প্রতি তাদের একটি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই এই কিস্তি ক্রেতা সুরক্ষা নীতি চালু করা হয়েছে।”

তিনি আরো বলেন, কিস্তি চলমান অবস্থায় ক্রেতা কিংবা তার পরিবারের কোনো সদস্য মারা গেলে পণ্যের মূল্যভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- ওয়ালটনের রিজিওনাল ক্রেডিট ম্যানেজার খালেদ আহমেদ, পঞ্চগড় ওয়ালটন প্লাজার ম্যানেজার নাসির উদ্দীন, পুরাতন পঞ্চগড় ওয়ালটন প্লাজার ম্যানেজার ফিরোজ শাহীনসহ স্থানীয় ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *