ওয়েলিংটনে ৭২০ রানের এভারেস্টে চড়ে থামলো ভারত
ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেট কতটা ব্যাটিং বান্ধব তা দেখার জন্য নিউজিল্যান্ড এবং ভারতের চলমান টেস্টের স্কোরের দিকে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যাবে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছে ৩৬৮ রান। জবাবে ভারতীয় ব্যাটাররা রীতিমত এভারেস্টের চূড়ায় গিয়ে থামলো। ৭২০ রানের বিশাল স্কোর গড়ে ইনিংসের ঘোষণা দিয়েছে ভারতীয়রা।
লোকেশ রাহুল এবং রিশাভ পান্তের দুটি দুর্দান্ত সেঞ্চুরি, শুভমান গিলের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস (৯৮ রান), এছাড়া জসস্বি জয়সওয়ালের ৮৫, দেবদূত পাডিক্কালের ৮০ এবং ধ্রুব জুরেলের ৭৮ রানের ওপর ভর করে এই বিশাল স্কোর গড়েছে ভারতীয়রা।
নিউজিল্যান্ডের ৩৬৮ রানের পরও প্রথম ইনিংসে স্বাগতিকদের সামনে ৩৫২ রানের বিশাল লিড দাঁড় করিয়েছে শুভামন গিলের দল। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন গ্লেন ফিলিপস, ২ উইকেট নেন রাচিন রাবিন্দ্রা। গ্লেন ফিলিপস ব্যাট হাতেও সেঞ্চুরি (১১৮) করেছিলেন।
৪ উইকেটে ৪৮৬ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে ভারত। রিশাভ পান্ত ৫৫ এবং আনসুল কাম্বজ ছিলেন শূন্য রানে। এই জুটিই সাড়ে ৫০০ পার করে দেন ভারতকে। ৩৮ রান নিয়ে আউট হন কাম্বজ। এরপর ধ্রুব জুরেল এবং রিশাভ পান্তের জুটি পার করে দেন ৬০০ রানের গণ্ডি। ৬২৯ রানের মাথায় বিচ্ছিন্ন হন তারা। এ সময় আউট হন রিশাভ পান্ত। ১৫৩ বলে ১২৮ রান করে আউট হন তিনি।
ধ্রুব জুরেল আউট হন ৭৮ রানে। ওয়াশিংটন সুন্দর ২৪, আকাশ দিপ ১৩ রান করে আউট হন। জসপ্রিত বুমরাহ অপরাজিত থাকেন ৭ রানে। ৭২০ রানের মাথায় ধ্রুব জুরেল আউট হওয়ার পরই ইনিংসের ঘোষণা দেন ভারত অধিনায়ক শুভমান গিল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে নিউজিল্যান্ড। ৬০ রানেই ২ উইকেট হারিয়েছে তারা। টম লাথাম শূন্য রানে এবং হেনরি নিকোলস আউট হন ৩১ রানে।
