ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করেন ৮০ শতাংশ ব্রিটিশ
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অস্থিরতায় ইসরায়েলের সামরিক ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের হামলা ও বিপুলসংখ্যক ফিলিস্তিনির প্রাণহানির পর দেশটি সম্পর্কে মানুষের নেতিবাচক মনোভাব আরও বেড়েছে।
এর প্রভাব পড়েছে যুক্তরাজ্যেও। নতুন এক জরিপে দেখা গেছে, দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি মনে করেন। একইভাবে যুক্তরাষ্ট্রকেও হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ।
সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের ৭৮ শতাংশ মানুষ ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি মনে করেন। ২০০৫ সালে এই হার ছিল ৪৮ শতাংশ।
অর্থাৎ বর্তমানে ব্রিটিশদের প্রতি পাঁচজনের মধ্যে প্রায় চারজনই ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করেন। গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর আড়াই বছর পর এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার ঠিক পরপরই জরিপটি চালানো হয়।
এর আগে, গত জুলাইয়ে কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের উদ্যোগে ইউগভের করা এক জনমত জরিপেও ইসরায়েল সম্পর্কে ব্রিটিশদের নেতিবাচক মনোভাবের চিত্র উঠে আসে।
ওই জরিপে দেখা যায়, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না বলে মনে করেন মাত্র ১৭ শতাংশ ব্রিটিশ।
এদিকে, গত তিন বছরে ইসরায়েল সম্পর্কে ব্রিটিশদের মনোভাবে বড় পরিবর্তন এসেছে। ২০২৪ সালের শরৎকালে, অর্থাৎ গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর এক বছর পর, দেশটিকে বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি মনে করতেন ৭৩ শতাংশ ব্রিটিশ। বর্তমানে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৭৮ শতাংশে।
গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২২ হাজারের বেশি শিশু।
এছাড়া, আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ হাজার মানুষ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র সম্পর্কেও ব্রিটিশদের মনোভাব নেতিবাচক হয়েছে। বর্তমানে দেশটির ৭৪ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি মনে করেন।
ন্যাটসেনের জরিপে বলা হয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে বোমা হামলার সিদ্ধান্তের পর দেশটি সম্পর্কে ব্রিটিশদের এই নেতিবাচক মনোভাব আরও বেড়েছে।
জরিপে আরও দেখা গেছে, রাশিয়াকে বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি মনে করেন ৮৯ শতাংশ ব্রিটিশ। চীনের ক্ষেত্রে এ হার ৬২ শতাংশ।
অন্যদিকে, ইরানকে হুমকি মনে করেন ৭৫ শতাংশ ব্রিটিশ। গত বছরের বসন্তে এ হার ছিল ৬৭ শতাংশ।
যুক্তরাজ্যের সামাজিক ও রাজনৈতিক মনোভাব নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালিত ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস সার্ভে’র ফলাফলের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
১৯৮৩ সাল থেকে ন্যাটসেন প্রতি বছর এই জরিপ পরিচালনা করছে।
