আপনার অবর্তমানেও চলবে সন্তানের পড়াশোনা, যেভাবে করবেন শিক্ষাবিমা
সন্তানের ভবিষ্যৎ শিক্ষা নিশ্চিত করতে অনেক অভিভাবকই নিয়মিত সঞ্চয় করেন। কিন্তু সময়ের সঙ্গে শিক্ষার ব্যয় যেভাবে বাড়ছে, তাতে দীর্ঘমেয়াদে প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। এর মধ্যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু বা স্থায়ী অক্ষমতা দেখা দিলে সন্তানের পড়াশোনাও অনিশ্চয়তায় পড়তে পারে। এমন পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা দিতে পারে শিক্ষাবিমা।
শিক্ষাবিমা মূলত সঞ্চয় ও জীবনবিমার সমন্বিত একটি ব্যবস্থা। এতে নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম জমা দিতে হয়। পলিসির মেয়াদ শেষে চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থ পাওয়া যায়, যা সন্তানের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচে ব্যবহার করা সম্ভব।
এর বিশেষ সুবিধা হলো, পলিসি গ্রহণকারী অভিভাবকের মৃত্যু বা নির্দিষ্ট শর্ত অনুযায়ী স্থায়ী অক্ষমতা হলে বিমার সুরক্ষা কার্যকর থাকে। ফলে পরিবারের আয় বন্ধ হয়ে গেলেও সন্তানের শিক্ষার জন্য নির্ধারিত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থাকে। কিছু পলিসিতে নির্দিষ্ট সময় পরপর কিস্তিতে অর্থ দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
কেন প্রয়োজন শিক্ষাবিমা
শিক্ষার ব্যয় দিন দিন বাড়ছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হলেও পড়াশোনার পেছনে অন্যান্য খরচ রয়েছে। বই-খাতা, পোশাক, যাতায়াত, টিউশন, কোচিং ও পরীক্ষার ফি বাবদ অভিভাবকদের নিয়মিত অর্থ ব্যয় করতে হয়।
বিশেষ করে ঢাকা ও বড় শহরগুলোতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার খরচ অনেক বেশি। রাজধানীতে একজন মাধ্যমিক শিক্ষার্থীর পেছনে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। উচ্চশিক্ষার পর্যায়ে এ ব্যয় আরও বাড়ে। এর সঙ্গে ভবিষ্যতে মূল্যস্ফীতির কারণে শিক্ষার খরচ বাড়ার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়।
এ অবস্থায় আগে থেকেই শিক্ষাবিমা করলে সন্তানের শিক্ষা ব্যয়ের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা করা সহজ হয়। বিশেষ করে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতিতে সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে।
শিক্ষাবিমা যেভাবে করবেন, যেসব কাগজপত্র লাগবে
সন্তানের ভবিষ্যৎ শিক্ষার খরচ নিশ্চিত করতে অভিভাবকরা শিক্ষাবিমা করতে পারেন। সাধারণত জীবনবিমার আওতায় এ ধরনের পলিসি নেওয়া যায়। এতে অভিভাবক নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম জমা দেন এবং মেয়াদ শেষে সন্তানের পড়াশোনার জন্য এককালীন বা কিস্তিতে অর্থ পান। পলিসির শর্ত অনুযায়ী অভিভাবকের মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রেও শিক্ষার খরচের আর্থিক সুরক্ষা থাকতে পারে।
যেভাবে করবেন
শিক্ষাবিমা করতে প্রথমে পছন্দের বিমা কোম্পানির শাখা বা অনুমোদিত প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে হবে। সন্তানের বয়স, সম্ভাব্য শিক্ষাব্যয় ও কত বছর পর অর্থ প্রয়োজন, তা বিবেচনায় নিয়ে উপযুক্ত পলিসি নির্বাচন করতে হবে। এরপর আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কোম্পানি যাচাই-বাছাই শেষে পলিসি অনুমোদন করলে নির্ধারিত সময় অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক প্রিমিয়াম পরিশোধ করতে হবে।
যেসব কাগজপত্র লাগবে
– বিমা গ্রহণকারী বাবা বা মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
– সন্তানের জন্মনিবন্ধন সনদের ফটোকপি।
– অভিভাবক ও সন্তানের পাসপোর্ট সাইজের ছবি।
– নমিনির জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি।
– অভিভাবকের ঠিকানা ও যোগাযোগের তথ্য।
– প্রয়োজনে আয় বা পেশার প্রমাণপত্র এবং স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বা চিকিৎসকের প্রতিবেদন।
তবে বিমা কোম্পানি ও পলিসিভেদে প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হতে পারে। তাই পলিসি করার আগে কাগজপত্রের তালিকা সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রিমিয়ামের পরিমাণ, পলিসির মেয়াদ, অর্থ পাওয়ার সময় এবং অভিভাবকের মৃত্যু বা অক্ষমতায় সন্তানের জন্য কী সুবিধা থাকবে, তা ভালোভাবে জেনে নিতে হবে।
