এলএনজিতে এক বছরেই বাড়তি ব্যয় হবে ৪১ হাজার কোটি টাকা
আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় মেটাতে বড় ধরনের আর্থিক চাপে পড়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় তুলনামূলক বেশি দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে। এতে কয়েকগুণ বাড়ছে সরকারের ভর্তুকি।
বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) হিসাব অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক কার্গোর মূল্যবৃদ্ধির কারণে অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৪১ হাজার ৩৪৮ কোটি টাকা।
এদিকে চলতি (২০২৬-২৭) অর্থবছরে এলএনজি আমদানিতে ভর্তুকির জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার কোটি টাকা। কিন্তু চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত (আগামী মাস পর্যন্ত শিডিউল করা) এ খাতে ভর্তুকি বাবদ ব্যয় হয়েছে ২৫ হাজার কোটি টাকা।
আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্য অব্যাহত থাকলে ভর্তুকির প্রয়োজন আরও বাড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
জ্বালানি খাতসংশ্লিষ্টদের মতে, এ পরিস্থিতি শুধু আমদানি ব্যয় বাড়াচ্ছে না, বরং সরকারের বাজেট ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার সক্ষমতাকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে।
চুক্তির গ্যাস না পেয়ে স্পট মার্কেট নির্ভরতা
বাংলাদেশের এলএনজি আমদানির বড় অংশ দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আসে। এসব চুক্তিতে তুলনামূলক স্থিতিশীলভাবে দাম নির্ধারিত হয়। আর স্পট মার্কেটে আন্তর্জাতিক চাহিদা, সরবরাহ পরিস্থিতি ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে দাম দ্রুত ওঠা-নামা করে।
২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ে। হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে এলএনজি সরবরাহেও তৈরি হয় সংকট। কাতার এনার্জিসহ কয়েকটি সরবরাহকারীর দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহে বিঘ্ন ঘটায় বাংলাদেশকে বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে।
আগে দীর্ঘমেয়াদি চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজি প্রায় ৯ থেকে ১১ ডলারে পাওয়া যেত। কিন্তু যুদ্ধের পর স্পট মার্কেটে দাম বেড়ে ২০ ডলারের ওপরে উঠে যায়। পরবর্তীসময়ে কিছু কার্গোর দাম ২৮ থেকে ৩০ ডলারের কাছাকাছিও পৌঁছেছে। ফলে একই পরিমাণ গ্যাস আমদানিতে আগের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।
যেভাবে বাড়তি ব্যয় ৪১ হাজার কোটি টাকা
পেট্রোবাংলার নথিতে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের সঙ্গে তুলনা করলে চলতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত স্পট মার্কেট থেকে কেনা কার্গোগুলোর মূল্য প্রতি এমএমবিটিইউ ১৫ ডলার বেড়ে প্রতি এমএমবিটিইউ ২৩ ডলার হয়েছে। এ কারণে শুধু স্পট মার্কেট থেকে কেনা কার্গোপ্রতি ব্যয় বেড়েছে ৩৩০ কোটি টাকা।
পেট্রোবাংলার নথিতে ২০২৬ সালের এলএনজি আমদানির সম্ভাব্য ব্যয় বিশ্লেষণ করা হয়েছে। এতে তুলে ধরা হয়েছে দুটি আলাদা হিসাব।
প্রথমত, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এক বছরে ৮৬টি কার্গো আসার কথা। অক্টোবর পর্যন্ত এসেছে ২৬টি। একটি নভেম্বরে আসবে। ডিসেম্বরের আরেকটি কার্গো আসার সম্ভাবনা আছে। এতে সরবরাহ না পাওয়া ৫৮টি কার্গোর পরিবর্তে বিকল্প উৎস থেকে গ্যাস কেনার ক্ষেত্রে বাড়তি ব্যয়ের হিসাব করা হয়েছে।
নথিতে স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম ২৩ ডলার এবং দীর্ঘমেয়াদি চুক্তির গড় দাম ৯ দশমিক ৭৫ ডলার ধরা হয়েছে। অর্থাৎ, প্রতি ইউনিটে দামের ব্যবধান ১৩ দশমিক ২৫ ডলার। এই ব্যবধানের ভিত্তিতে ৫৮টি কার্গোর জন্য অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩১ হাজার ৭৬০ কোটি টাকা।
দ্বিতীয়ত, স্পট মার্কেট থেকে আগে কেনা কার্গোর তুলনায় নতুন করে কেনা ২৯টি কার্গোর মূল্যবৃদ্ধির হিসাব করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১৫ ডলার থেকে বেড়ে ২৩ ডলার হওয়ায় ব্যবধান দাঁড়িয়েছে ৮ ডলার। এই হিসাবে অতিরিক্ত ব্যয় প্রায় ৯ হাজার ৫৮৮ কোটি টাকা।
দুটি হিসাব যোগ করলে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪১ হাজার ৩৪৮ কোটি টাকা (১ ডলার= ১২৩ টাকা হিসেবে)।
তবে এটি নথিতে উল্লিখিত কার্গোর সংখ্যা, মূল্য ও বিনিময় হার ধরে করা ব্যয়ের প্রাক্কলন। পুরো অর্থবছরে সরকারের চূড়ান্ত ভর্তুকি ব্যয় ঠিক একই পরিমাণ হবে- এমনটি নিশ্চিত নয়। প্রকৃত ব্যয় নির্ভর করবে কার্গোর সংখ্যা, ক্রয়মূল্য, সরবরাহ পরিস্থিতি, বিনিময় হার এবং দেশীয় বাজারে গ্যাস বিক্রি থেকে পাওয়া আয়ের ওপর।
