ইয়াদিয়ার দেশের সর্ববৃহৎ শোরুম উদ্বোধন
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিশ্বখ্যাত বৈদ্যুতিক স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়ার দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম ‘ইয়াদিয়া মোশনস লিমিটেড’। নতুন এই শোরুমের মাধ্যমে কুড়িল ও আশপাশের এলাকার গ্রাহকেরা ইয়াদিয়ার বিভিন্ন মডেলের বৈদ্যুতিক স্কুটার সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি পছন্দের মডেল কেনার সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলস পিএলসির বৈদ্যুতিক স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়ার প্রধান অর্থ কর্মকর্তা সনদ দত্ত, প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আবু হানিফ, জাতীয় বিক্রয় ব্যবস্থাপক আসিবুল ইমরানসহ ইয়াদিয়ার বৈশ্বিক দলের সদস্যরা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ইয়াদিয়া মোশনস লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম ফিরোজ এবং প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক শাহ আলম বিলাশ।
রানার অটোমোবাইলস পিএলসি বাংলাদেশে ইয়াদিয়া বৈদ্যুতিক স্কুটারের একমাত্র পরিবেশক। বিশ্বব্যাপী বৈদ্যুতিক দুই চাকার যানবাহনের ক্ষেত্রে ইয়াদিয়া একটি সুপরিচিত ব্র্যান্ড। পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহনব্যবস্থার প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও বৈদ্যুতিক স্কুটারের ব্যবহার ও চাহিদা দিন দিন বাড়ছে।
নতুন শোরুমটিতে ইয়াদিয়ার বিভিন্ন মডেলের বৈদ্যুতিক স্কুটার সরাসরি দেখার পাশাপাশি প্রতিটি মডেলের বৈশিষ্ট্য, কর্মক্ষমতা ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকছে। একই সঙ্গে গ্রাহকেরা শোরুম থেকেই নিজেদের পছন্দের মডেল কিনতে পারবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই শোরুমের মাধ্যমে কুড়িল ও আশপাশের এলাকার গ্রাহকদের বৈদ্যুতিক স্কুটার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও সেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ও আধুনিক ব্যক্তিগত যাতায়াতব্যবস্থার প্রসারে শোরুমটি ভূমিকা রাখবে।
